ইন্দোনেশিয়া উড়োজাহাজ দুর্ঘটনা: ভারতীয় পাইলটের সলিল সমাধি
ইন্দোনেশিয়ায় ১৮৯ জন আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজটি চালাচ্ছিলেন একজন ভারতীয় পাইলট। দুর্ঘটনায় তার মৃত্যুর খবর নিশ্চত করেছে জাকার্তা।
এয়ার লাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ক্যাপ্টেন ভাবিয়ে সুনেজা (৩১) সাত বছর আগে লায়ন এয়ারে যোগ দেন। তার প্রায় ছয় হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।আর তার কো-পাইলট হারভিনোর অভিজ্ঞতা পাঁচ হাজার ঘণ্টার বেশি।
জাকার্তার ভারতীয় দূতাবাস থেকে সুনেজার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের দিল্লির বাসিন্দা সুনেজা লায়ন এয়ারে যোগ দেওয়ার পর জাকার্তায় বসবাস শুরু করেছিলেন। ভারত ইলেক্ট্রোনিক্স লিমিটেড (বেল) এয়ার ইন্টারন্যাশনাল থেকে তিনি বিমান চালনার প্রশিক্ষণ নেন।
লায়ন এয়ারে যোগ দেওয়ার আগে সুনেজা এমিরেটসে শিক্ষানবিস পাইলট হিসেবে কাজ করেন। তিনি বোয়িং ৭৩৭ চালনায় বিশেষভাবে প্রশিক্ষিত ছিলেন।
সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় উড়োজাহাজটি জাভা সাগরের উপর যেখানে অবস্থান করছিল তার ৩০ থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে পানিতে সেটির ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়।
উড়োজাহাজটিতে দুই পাইলট এবং ছয় কেবিন ত্রুসহ মোট ১৮৯ জন আরোহী ছিলেন। তাদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করেছে। উড়োজাহাজটির ‘ককপিট ভয়েস রেকর্ডার’ এবং ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ খুঁজে পাওয়া গেলে দুর্ঘটনা কারণ নিশ্চিত হওয়া যাবে।
