বিধ্বস্ত উড়োজাহাজের আগের ফ্লাইটেই যান্ত্রিক ত্রুটি ছিল
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ১৮৯ জন আরোহী নিয়ে লায়ন এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজটিতে এর আগের ফ্লাইটেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। যদিও নিয়মানুসারেই সে যান্ত্রিক ত্রুটি সারা হয় বলে দাবি করেছে লায়ন এয়ার কর্তৃপক্ষ।
কোম্পানির প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইত সাংবাদিকদের বলেন, “উড়োজাহাজটি এর আগে ডেনপাসার থেকে চেংকারেং (জাকার্তা) যায়। সেখানে যাওয়ার পথেই ওই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তবে যথাযথ নিয়ম মেনেই সে ত্রুটি মেরামত করা হয়েছে।” কিন্তু কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তা স্পষ্ট করেননি তিনি।
উড়োজাহাজটি ছিল একেবারেই আনকোরা:
ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত জেটি ৬১০ উড়োজাহাজটি মাত্র আড়াই মাস আগেই যাত্রা শুরু করেছিল। এরকম সম্পূর্ণ নতুন একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়া অনেককেই হতবাক করেছে। সাধারণত পুরনো উড়োজাহজের ক্ষেত্রে বিধ্বস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
এভিয়েশন বিশেষজ্ঞ জেরি সোয়েজাতমান অবশ্য বলেছেন, সাধারণত খুব পুরানো উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকলেও একেবারে নতুন উড়োজাহাজের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি থাকে।
কারণ ব্যাখ্যায় তিনি বিবিসি কে বলেন, “একদম নতুন উড়োজাহাজে এমন কিছু যান্ত্রিক ত্রুটি থাকে যা নিয়মিত চলাচলের সময় বেরিয়ে আসে। সাধারণত প্রথম তিন মাসের মধ্যে ওই ত্রুটিগুলো বেরিয়ে আসে এবং সেগুলো মেরামত করা হয়।”
আরেক বিশেষজ্ঞ জন অস্ট্রোয়ার বলেন, “নতুন উড়োজাহাজের ক্ষেত্রে অনেক সময় নিয়মিত পরীক্ষা করা হয় না। ধরে নেওয়া হয়, যেহেতু সেগুলো একদম নতুন তাই সব ঠিকই আছে।”
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের উড়োজাহাজের এত বড় দুর্ঘটনায় পড়া এটাই প্রথম। ২০১৭ সাল থেকে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
গত জুলাইয়ে ‘লায়ন এয়ার’ প্রথমবারের মত ইন্দোনেশিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ পরিচালনা শুরু করে।
সোমবার দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি গত ১৫ অগাস্ট থেকে উড্ডয়ন শুরু করেছিল। জাতীয় পরিবহন নিরাপত্তা কমিশনের তথ্যানুযায়ী, উড়োজাহাজটি মাত্র আটশ ঘণ্টা উড্ডয়ন করেছে।
সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে রওয়ানা হওয়ার ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিবিসি জানায়, আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই পাইলট রেডিওতে জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ফিরে আসার অনুমতি চেয়েছিলেন।
বর্তমানে লায়ন এয়ারে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ১১টি উড়োজাহাজ আছে। তবে দুর্ঘটনার পরও সেগুলোর কোনোটি বসিয়ে রাখার পরিকল্পনা নেই বলে জানিয়েছে লায়ন এয়ার।
উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ার আগের ফ্লাইটেই যান্ত্রিক ক্রুটি ধরা পড়লেও বিশেষজ্ঞরা এখনই দুর্ঘটনার কারণ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না।
তারা বলেন, হয়ত যান্ত্রিক ত্রুটির কারণেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটা নিশ্চিত করে বলার সময় এখনও আসেনি। আরো কিছু তথ্য পাওয়ার পর দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।”
বোয়িং কর্তৃপক্ষ জানান, তাদের ইতিহাসে ৭৩৭ ম্যাক্স সিরিজের উড়োজাহাজগুলো সবচেয়ে দ্রুত বিক্রি হয়েছে। এখনও তাদের হাতে এই সিরিজের প্রায় চার হাজার ৭০০ উড়োজাহাজের অর্ডার আছে।
আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, নরওয়েজিয়ান এবং ফ্লাইদুবাই ম্যাক্স ৮ সিরিজের উড়োজাহাজের অর্ডার দিয়েছে।
