২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লায়ন এয়ারের উড়োজাহাজের সবার মৃত্যুর শঙ্কা

১৮৯ জন আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের উড়োজাহাজের কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Oct 2018, 05:00 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

পুরনো খবর:

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে লায়ন এয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বামবাং সুরিয়ো সোমবার এ আশঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের মূল ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া দরকার। এ পর্যন্ত যতগুলো দেহাংশ খুঁজে পাওয়া গেছে তার ভিত্তিতে আমার ধারণা কেউই বেঁচে নেই।”

সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

লায়ন এয়ারের উড়োজাহাজটি জাকার্তা থেকে রওনা হয় সকাল ৬টা ২০ মিনিটে। এক ঘণ্টার পর সেটি পেংকাল পিনাং শহরে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটের যাত্রীদের মধ্যে তিনটি শিশুও ছিল। দুজন পাইলট এবং পাঁচজন কেবিন ক্রু মিলে ফ্লাইট পরিচালনা করছিলেন।

উদ্ধারকর্মীরা কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। তবে কেউ বেঁচে থাকার কোনো লক্ষণ পায়নি। পানি থেকে মৃতদেহের খন্ডাংশ, যাত্রীদের পরিচয়পত্র, শিশুর জুতো এবং গাড়ি চালানোর লাইসেন্সের মত কিছু জিনিস পাওয়া গেছে।

কী কারণে জেটি ৬১০ ফ্লাইটটি বিধ্বস্ত হল তা জানা যায়নি। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের এ উড়োজাহাজটি সম্পূর্ণ নতুন। এরকম নতুন একটি উড়োজাহাজ বিধ্বস্তের এমন বড় ধরনের ঘটনা এটিই প্রথম।

অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, “উড়োজাহাজটি পানির ৩০ থেকে ৪০ মিটার গভীরে বিধ্বস্ত হয়েছে। আমরা এখনো এর ধ্বংসাবশেষ খুঁজছি।”

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুতোপো পুরো নাগরোহ টুইটে কয়েকটি ছবি পোস্ট করেছেন। এতে যাত্রীদের ব্যক্তিগত ব্যবহারের জিনিস সমুদ্রের ভাসতে দেখা গেছে।

টুইটে নাগরোহর পোস্ট করা আরেকটি ভিডিওয় পানিতে উড়োজাহাজের ধ্বংসবাশেষ এবং তেল ভাসতে দেখা গেছে।

উড়োজাহাজটি কি কারণে বিধ্বস্ত হল তা বোঝার জন্য এখন সেটির ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডাটা রেকর্ডার খোঁজাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।