২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ ক্লাব লেস্টার সিটির ‘মালিকসহ’ হেলিকপ্টার বিধ্বস্ত

প্রিমিয়ার লিগের ম্যাচের পর স্টেডিয়াম থেকে ওড়া ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির মালিকের হেলিকপ্টার ক্লাব গ্রাউন্ডের বাইরে কার পার্কিংয়ে বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 02:55 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

শনিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে খবর বিবিসির।

বিধ্বস্ত ওই হেলিকপ্টারটিতে ধনকুবের ভিচাই শ্রীভাদ্দানাপ্রভাও ছিলেন বলে তার পরিবার সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছে। তবে হেলিকপ্টারটিতে মোট কতোজন আরোহী ছিল তা জানা যায়নি।

২০১০ সালে ভিচাই তিন কোটি ৯০ লাখ ডলারে লেস্টার সিটি ফুটবল ক্লাবটি কিনে নিয়েছিলেন। দুই বছর আগে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে দলটি ইতিহাস সৃষ্টি করেছিল।

শনিবারও কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটির খেলা ছিল। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া খেলাটিতে ওয়েস্ট হ্যাম ও লেস্টারের মধ্যে ১-১ গোলে ড্র হয়।  হেলিকপ্টারটি রওনা হওয়ার প্রায় এক ঘন্টা আগে খেলা শেষ হয়েছিল।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর স্টেডিয়ামের ভেতর থেকে লেস্টার সিটি ক্লাবের খেলোয়াড় ক্যাসপার স্মাইকেলকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখেছেন বলে প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন।

“ক্যাসপারকে প্রথমে দৌড়ে বেরিয়ে যেতে দেখি, এরপরই দেখি অসংখ্য নিরাপত্তা রক্ষী ও স্টুয়ার্ডসদের। আমি মাঠের বাইরে ছিলাম, বিধ্বস্তের ঘটনাটি অপর পাশে ঘটেছে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক লেস্টার সিটির এক সিজনাল টিকেটধারী।

অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, লেজের দিকের প্রপেলার ঠিকমতো কাজ না করায় বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ঘুরপাক খেতে থাকে।

ঘটনার পর দমকলবাহিনী ও পুলিশসহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা জোর তৎপরতা শুরু করে।

ঘটনাটি ‘খুবই গুরুতর ও মর্মান্তিক’ অ্যাখ্যায়িত করেছেন লেস্টারশায়ারের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সহকারী প্রধান অগ্নি কর্মকর্তা অ্যান্ড্রু ব্রডি।

শনিবার গভীর রাতে বিভিন্ন সংস্থার মধ্যে ‘কৌশলগত বৈঠক’ শেষে টুইটারে তিনি বলেন, “কী কারণে এবং কারা জড়িত, দয়া করে এ ধরনের জল্পনা করবেন না। ভাবুন পরিবার, বন্ধুবান্ধব, উদ্ধারকর্মী, লেস্টার সিটি ফুটবল ক্লাব ও তাদের ভক্তদের কথা।”

ওয়েস্ট হ্যাম ও লেস্টারের মধ্যকার খেলাটি কভার করছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার রায়ান ব্রাউন। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটিকে কিং পাওয়ার স্টেডিয়াম থেকে উড়ে যেতে দেখেছিলেন তিনি।

“ইঞ্জিন বন্ধ হল, আমি ঘুরলাম, শুনতে পেলাম বিকট শব্দ, ঘর্ষণের শব্দ। এরপরই হেলিকপ্টারটি নিশ্চুপ হয়ে গেল, ঘুরে দেখলাম এটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরপাক খাচ্ছে। তারপরই বিকট শব্দ ও বিরাট অগ্নিকাণ্ড,” বিবিসি রেডিও লেস্টারকে বলেন রায়ান।

হেলিকপ্টার বিধ্বস্তের পরপরই দু’জন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখেছেন বলে ফাইভ লাইভকে বলেছেন লিও ব্রুকা। দুর্ঘটনাস্থলের কাছেই ওই পুলিশ কর্মকর্তাদের গাড়ি ছিল।

“একজন কিছু একটা খুঁজছিলেন, অন্যজন সোজা হেলিকপ্টারের কাছে গিয়ে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করেছিলেন। তারপরই একটি বিস্ফোরণ ঘটে, আগুনের প্রচণ্ড তাপের কারণে পুলিশ সদস্যরা পিছিয়ে আসেন,” বলেন তিনি।

স্কাই স্পোর্টসের প্রতিবেদক রব ডোরসেট জানান, লেস্টার সিটির প্রতি খেলার পরই ওই হেলিকপ্টারটি মাঠ ছেড়ে যায়, এদিনও তেমনটি হয়েছিল।

ওড়ার কয়েক সেকেন্ড পরই এটি নিয়ন্ত্রণ হারায় এবং এরপর সেটি মাঠের কয়েকশ মিটার দূরে একটি কার পার্কিংয়ে বিধ্বস্ত হয়, বলেন তিনি।

লেস্টারশায়ারের পুলিশ জানায়, তাদের কর্মকর্তারা বিমান দুর্ঘটনা তদন্ত শাখা (এএআইবি) ও লেস্টার সিটি ফুটবল ক্লাব এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে দুর্ঘটনাটি নিয়ে কাজ করছে।

এএআইবির একটি দল ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে বলেও রোববার দিনের প্রথম ভাগে জানিয়েছে পুলিশ।

লেস্টার সিটি ফুটবল ক্লাব জানিয়েছে, তারা পুলিশ ও অন্যান্য জরুরি সংস্থাকে সহযোগিতা করছে।