ওয়াইন ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া রাজকুমারী ইউজিনির
সঙ্গীত, বাদ্যযন্ত্রের মূর্চ্ছনা আর হর্ষধ্বনিতে ওয়াইন ব্যবসায়ী জ্যাক ব্রুকসব্যাংকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্রিটিশ রাজসিংহাসনের নবম উত্তরাধিকারী প্রিন্সেস ইউজিনি।
শুক্রবার উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জ চ্যাপেলে এ বিয়ের অনুষ্ঠানে ৯২ বছর বয়সী রানি এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ এবং সন্তান প্রিন্স চার্লসও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয় বিয়ের ঝমক দেখাল ব্রিটিশ রাজপরিবার।
রানির তৃতীয় সন্তান প্রিন্স অ্যান্ড্রু ও তার সাবেক স্ত্রী ডাচেস অব ইয়র্ক সারাহ ফারগুসনের সন্তান ইউজিনির বিয়েতে উপস্থিত ছিলেন মে-তে গাঁটছড়া বাঁধা হ্যারি ও তার মার্কিন অভিনেত্রী স্ত্রী মেগানও। দুজনই এখন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ নামে পরিচিত।
রাজপরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে আরও ছিলেন হলিউড অভিনেতা লিভ টেইলর, ডেমি মুর, মডেল কেট মস, নাওমি ক্যাম্পবেল, শিল্পী এলি গোল্ডিং ও রবি উইলিয়াসমের মতো তারাকারাও।
রাজকীয় বিয়ের এ আয়োজনে ২৮ বছর বয়স ইউজিনি ও ৩২ বছর বয়সী ব্রুকসব্যাংককে খানিকটা নার্ভাস দেখালেও হাসিমুখেই তারা আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানিয়েছে রয়টার্স।
লন্ডনভিত্তিক পোশাকনির্মাতা প্রতিষ্ঠান পিটার পিলোতোর বানানো বিয়ের পোশাকে অপরূপ ছিলেন ইউজিনি। ১২ বছর বয়সে স্কোলিওসিসের ত্রুটি সারাতে পিঠের উপরের দিকে সার্জারি হয়েছিল তার। বিয়ের পোশাকে যেন ওই কাটা দাগ না ঢাকা পড়ে সে বিষয়ে নির্দেশনাও দিয়েছিলেন এ ব্রিটিশ রাজকুমারী।
আইটিভির এই অনুষ্ঠানই পঞ্চদশ শতকে নির্মিক সেইন্ট জর্জ চ্যাপেলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ঘোড়ার গাড়িতে উইন্ডসর প্রাসাদের আশপাশ ঘুরে দেখেন। তাদের সম্মানে পরে প্রাসাদে ভোজের আয়োজন করেন রানি এলিজাবেথ।
রাজকীয় বিয়ের এ আয়োজন উপলক্ষে উইন্ডসর প্রাসাদের আশপাশে ছিল কড়া নিরাপত্তা।
লন্ডনের হসার অ্যান্ড অয়ার্থ আর্ট গ্যালারির পরিচালক ইউজিনির স্বামী ব্রুকসব্যাংক কাসামিগোস টাকিলা কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার। মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা।
ইউজিনের রাজকীয় কোনো উপাধি না থাকার পরও তার বিয়ে ঘিরে এমন নিরাপত্তা ও আয়োজনের বাড়াবাড়ির সমালোচনা করেছে যুক্তরাজ্যের অনেক রাজনীতিবিদ। এ বিয়েতে সাধারণ মানুষের করের ২০ লাখ পাউন্ড গচ্চা গেছে বলেও ভাষ্য তাদের।
“স্পষ্টতই, একটি দাগ অতিক্রম হল আজ,” সংবাদপত্র মিররে এমনটাই লেখেন বিরোধী লেবার পার্টির সাংসদ এমা ডেন্ট কোড।
রাজতন্ত্রের সমর্থক বলে পরিচিত সংবাদমাধ্যমগুলোতেও ‘রাজপরিবারের তুলনামূলক অগুরুত্বপূর্ণ সদস্যের বিয়েতে’ সরকারি অর্থ খরচের সমালোচনা হচ্ছে বলেও জানান তিনি।
“কতদিন এ রাজতন্ত্র থাকবে, তা নিয়ে আমরা যা-ই ধারণা করি না কেন, আমাদের অবশ্যই এ খরচ সম্বন্ধে জানা উচিত। আমি বিতর্ক চাচ্ছি, বিপ্লব নয়। এবং এটা জরুরি হয়ে পড়েছে,” বলেন এমা।
