চীনের চাপ ঠেলে ১১ উইঘুরকে মুক্তি দিল মালয়েশিয়া
গত বছর থাইল্যান্ডের কারাগার ভেঙে পালিয়ে মালয়েশিয়ায় আটক হওয়া ১১ উইঘুর মুসলিম মুক্তি পেয়েছে।
ওই উইঘুরদের তুরস্কে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তাদের আইনজীবী ফাহমি মঈন। তিনি জানান, মানবিক দিক বিবেচনায় কৌঁসুলিরা উইঘুরদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিলে মঙ্গলবার কুয়ালালামপুর থেকে তুরস্কে যায় তারা।
তাদেরকে চীনের কাছে হস্তান্তর করার বেইজিংয়ের অনুরোধ উপেক্ষা করে মালয়েশিয়া এ পদক্ষেপ নিয়েছে। দেশটির এ সিদ্ধান্তে চীনের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত মে মাসের নির্বাচনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ফেরার পর এরই মধ্যে চীনের কোম্পানিগুলোর সঙ্গে আগের প্রশাসনের সই করা ২ হাজার কোটি ডলারের প্রজেক্ট বাতিল করেছেন।
গতবছর নভেম্বরে মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল ওই ১১ উইঘুর। এরপর থেকেই চীনে তাদেরকে ফেরত পাঠানোর জন্য মিয়ানমার প্রবল চাপের মুখে ছিল বলে গত ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানিয়েছিল রয়টার্স।
কিন্তু পশ্চিমা কয়েকটি সংস্থা উইঘুরদেরকে চীনের পাঠানোর বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ, চীনে উইঘুরদের আটক করে নির্যাতন এবং তাদের ধর্ম- সংস্কৃতির ওপরও চাপ প্রয়োগের অভিযোগ আছে।
চীন সরকার বরাবরই জিনজিয়াংয়ে সংখ্যাগুরু হান গোষ্ঠীর বিরুদ্ধে হামলা পরিকল্পনার জন্য উইঘুরদের মধ্যে থাকা চরমপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে।
