যুক্তরাজ্যে আত্মহত্যা ঠেকাতে মন্ত্রী নিয়োগ
যুক্তরাজ্যে আত্মহত্যা ঠেকাতে মন্ত্রী নিয়োগ করেছেন প্রধানন্ত্রী টেরিজা মে। বিশ্বে আত্মহত্যা রোধে মন্ত্রী নিয়োগের এমন ঘটনা এটিই প্রথম ।
দেশটিতে প্রতিবছর ৪,৫০০ মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। এ বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঠেকাতে বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মে এ পদক্ষেপ নিলেন।
সিএনএন জানায়, কনজারভেটিভ এমপি ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জ্যাকি ডোয়েল-প্রাইসকে নতুন ওই দায়িত্ব দিয়েছেন মে।
প্রাইস মন্ত্রীদের একটি টাস্কফোর্সের দায়িত্বে থাকবেন। এ টাস্কফোর্স আত্মহত্যা বিষয়ক বিশেষজ্ঞ, দাতব্য সংস্থা, ক্লিনিকের চিকিৎসকরাসহ যারা নিজেই নিজের ক্ষতি ডেকে আনছে তাদের নিয়ে কাজ করবে।
মে বলেন, “এর মধ্য দিয়ে আমরা এক লজ্জার অবসান ঘটাতে পারব যার কারণে এত বেশি মানুষকে নীরবে ভূগতে হয়েছে। এ বিপুল সংখ্যক মানুষের জীবন কেড়ে নেওয়া মর্মান্তিক আত্মহত্যা আমরা রোধ করতে পারব।”
