২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হনুমানকে গাড়ি ‘চালাতে দিয়ে’ সাসপেন্ড

ভারতের কর্নাটক রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (কেএসআরটিসি) একটি যাত্রীবাহী বাসের স্টিয়ারিংয়ে একটি হনুমানকে বসতে দিয়ে সাসপেন্ড হয়েছেন বাসটির চালক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 10:22 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

১ অক্টোবর রাজ্যেটির দাভানাগেরে থেকে বারামাসাগরা যাওয়ার পথে ঘটনাটি ঘটে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।  

এনডিটিভি জানিয়েছে, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও গাড়ির গিয়ার পরিবর্তনের সময় চালক হনুমানটির কাছে নিয়ন্ত্রণ ছেড়েছিলেন।

চলন্ত ওই বাসটির এক যাত্রী ঘটনাটির ভিডিও করেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বাসটির চালককে স্টিয়ারিং হুইলে বসে থাকা হনুমানটির পিঠ কয়েকবার চাপড়ে দিতে দেখা গেছে।

 

ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর বাসটির যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলার জন্য চালককে সাময়িক বরখাস্ত করা হয়।

চালককে সাসপেন্ড করা নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল বলছে, ‘পশুপ্রেমি’ চালককে সতর্ক করে তাকে চাকরিতে পুনর্বহাল করা উচিত; অপরদিকে বিরোধীরা ‘উন্মাদ’ চালককে চাকরি থেকে ছাঁটাইয়ের পক্ষে।