২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ট্রেন থেকে পিছলে পড়া কিশোরীকে টি-শার্ট ধরে রক্ষা

মুম্বাইয়ে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়ানো ১৭ বছর বয়সী একটি কিশোরী হাত ফস্কে পড়ে যাওয়ার পর এক সহযাত্রী প্রায় অলৌকিকভাবে তাকে রক্ষা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 02:52 PM

Updated : 19 Aug 2022, 02:41 PM

মোবাইলে ধারণ করা ঘটনাটির একটি ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

ওই কিশোরী থানে জেলাধীন মুম্বাইয়ের শহরতলী এলাকা ডিভার বাসিন্দা। কল্যাণগামী একটি ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে ভ্রমণ করছিলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ট্রেনের দরজার একেবারে কিনারা ঘেঁসে দাঁড়িয়ে আছেন ওই কিশোরী, চলন্ত ট্রেনের খোলা দরজা দিয়ে ধেয়ে আসা বাতাসে তার চুল-জামা উড়ছে; তার কানে এয়ারফোন লাগানো এবং তিনি পরনে জামা ঠিক করছেন।

এক পর্যায়ে এক হাত উঠিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করেন তিনি, এই সময় বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন আসলে বাইরের দিকে ঝুঁকে সেদিকে তাকানোর চেষ্টাকালে পাদানি থেকে পিছলে যান কিশোরী। কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক এক যাত্রী খপ করে তার টি-শার্ট ধরে ফেলেন এবং তাকে ধরে রাখেন, তাতে নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় কিশোরী। 

এ সময় অন্যান্য যাত্রীদের সহযোগিতায় কিশোরীকে ফের কামরাটিতে তোলা হয়। 

সোমবার ঘাটকোপাড় ও ভিখরোলি স্টেশনদুটির মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কিশোরীর হাত থেকে রক্ত বের হচ্ছিল। ডিভা স্টেশনে নামার পর তাকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

সহযাত্রীরা জানিয়েছেন, ট্রেনে তেমন ভিড় না থাকলেও কিশোরী দরজার খুব কাছে দাঁড়িয়েছিলেন।     

মঙ্গলবার ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর রেলওয়ে পুলিশ ওই কিশোরীকে শনাক্ত করে। কিশোরী পুলিশকে জানিয়েছেন, ভারসাম্য হারিয়ে পরে যাওয়ার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।