২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহকে বলেছি, মার্কিন সমর্থন ছাড়া টিকবেন না: ট্রাম্প

মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ক্ষমতায় ‘দুই সপ্তাহও টিকতে পারবেন না’ বলে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 12:11 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

মঙ্গলবার মিসিসিপির সাউথহেভেনে এক সমাবেশে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে নিয়ে এমন মন্তব্য করেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

“আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী। এবং আমি ওই বাদশাহকে ভালোবাসি, বাদশাহ সালমান।

“কিন্তু আমি তাকে বলেছি- বাদশা, আমরা আপনাকে রক্ষা করছি, আমাদের ছাড়া আপনি সেখানে (ক্ষমতায়) হয়তো দুই সপ্তাহও টিকতে পারবেন না, আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে।”

সৌদি আরবের শাসনকর্তার সঙ্গে কবে এ আলোচনা হয়েছিল, তা বলেননি ট্রাম্প। তার ওই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘কূটনৈতিক শিষ্টাচারবর্জিত’ বলেছেন। 

ট্রাম্প চাঁচাছোলা এসব কথাবার্তা বললেও তার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যে ইরানের উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে সৌদি আরব প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর নিজের প্রথম আন্তর্জাতিক সফরে প্রথমে সৌদি আরবেই গিয়েছিলেন ট্রাম্প।