নোবেলে যৌন কেলেঙ্কারির হোতা জ্যঁ-ক্লোদে আহনুর জেল
নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণাকারী ‘সুইডিশ একাডেমি’তে যৌন কলঙ্কের তকমা লাগানোর হোতা ফরাসি আলোকচিত্রী জ্যঁ-ক্লোদে আহনুকে ধর্ষণের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দিয়েছে সুইডেনের একটি আদালত।
আহনুর যৌন কেলেঙ্কারির জেরেই এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করা হয়।
বিবিসি জানায়, ২০১১ সালে স্টোকহোমে একটি অ্যাপার্টমেন্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে সোমবার আহনু দোষী সাব্যস্ত হয়েছেন।
৭২ বছরের আহনুর স্ত্রী সুইডিশ অ্যাকাডেমির সদস্য ছিলেন। স্বামীর যৌন কেলেঙ্কারির জেরে তিনি পদত্যাগে বাধ্য হন।
স্টোকহোম জেলা আদালত সোমবারের রায়ে বলেছে, “২০১১ সালের পাঁচ অক্টোবর এবং ছয় অক্টোবরের মধ্যবর্তী রাতে ধর্ষণের অভিযোগে বিবাদীকে দোষী সাব্যস্ত করা হচ্ছে।”
আদালত ধর্ষণের শিকার নারীকে ‘ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে’ এবং ক্ষতিপূরণের অর্থ দিতে আহনুকে ১২ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে।
বাদীর আইনজীবী এলিজাবেথ ম্যাসি ফ্রিটজ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এই রায়ে তার মক্কেল ‘স্বস্তি’পেয়েছেন।
মি টু হ্যাশট্যাগ (#MeToo) আন্দোলনের সময় ২০১৭ সালের শেষ দিকে ১৮ জন নারী আহনুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন।
তাদের অনেকেই সুইডিশ অ্যাকাডেমির মালিকানাধীন প্রতিষ্ঠান বা অ্যাকাডেমির সাহিত্য ক্লাবে আহনুর কাছে নিপীড়নের শিকার হওয়ার দাবিও করেন।
যদিও আহনু সব অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তার এই কেলেঙ্কারি শতবছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির আস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে, ক্ষুন্ন করেছে সুনাম।
এ বছর এপ্রিলে সুইডিশ অ্যাকাডেমি আহনুর কেলেঙ্কারি নিয়ে নিজস্ব একটি তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করে।
ওই মাসেই আহনুর স্ত্রী কবি ও লেখিকা ক্যাতারিনা ফুসটেনসনকে ১৮ সদস্যের নোবেল কমিটি থেকে সরিয়ে দেওয়ার প্রশ্ন ভোট হয়।
নোবেল কমিটির বিরুদ্ধে ওই সময় মতবিরোধ এবং নোবেল পুরস্কার বিজয়ীর নাম আগেই প্রকাশের বেশ জোরাল অভিযোগ উঠলে অ্যাকাডেমি প্রধান অধ্যাপক সারা ড্যানিয়াসসহ কয়েকজন সদস্য পদত্যাগ করেন।
যদিও নিয়ম অনুযায়ী, সুইডিশ অ্যাকাডেমির সদস্যপদ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটি আজীবন সদস্যপদ।
কিন্তু পদত্যাগ করা সদস্যরা চাইলে সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রাখতে পারবেন।
