ক্যাভানোর বিরুদ্ধে ২য় অভিযোগকারীর বয়ান নিল এফবিআই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তার মনোনীত ব্রেট ক্যাভানোর বিরুদ্ধে এফবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর গোয়েন্দা সংস্থাটি অভিযোগকারী দ্বিতীয় নারীর বয়ান নিয়েছে।
ডেবরাহ রমিরেজ নামক ওই নারীর আইনজীবী এটর্নি জন ক্লান একথা জানিয়েছেন।
শনিবার সিএনএন কে তিনি জানান, “এফবিআই রমিরেজের সাক্ষাৎকার নিয়েছে এবং রমিরেজ তদন্তে সহযোগিতা করতে রাজি হয়েছেন।” এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
ব্রেট ক্যাভানোর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনা তিন নারীর মধ্যে রমিরেজ দ্বিতীয়।
বিবিসি জানায়, ডেবরাহ রমিরেজ নামের ওই নারী ইয়েল বিশ্ববিদ্যালয়ে ক্যাভানোর সহপাঠী ছিলেন। নিউ ইয়র্কার সংবাদমাধ্যমে তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডর্মিটরিতে একটি অনুষ্ঠান চলাকালে ক্যাভানো তার জননাঙ্গ দেখিয়েছিলেন।
এর আগে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড বিচারক ব্রেট ক্যাভানোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন।
দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দুই নারীর অভিযোগই খতিয়ে দেখছে।
তবে ক্যাভানো সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার চরিত্র কলঙ্কিত করা হচ্ছে।
শুক্রবার রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেট কমিটি ক্যাভানোর মনোনয়ন অনুমোদন করলেও রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক সিনেটে ক্যাভানোর মনোনয়ন নিয়ে চূড়ান্ত ভোটের আগে বিষয়টি তদন্ত করে দেখার জন্য ভোট একসপ্তাহ দেরিতে অনুষ্ঠানের আহ্বান জানান।
ঊর্ধ্বতন এক রিপাবলিকান নেতা সিএনএন কে বলেছেন, সিনেটে ক্যাভানোর মনোনয়ন নিশ্চিতকরণ প্রক্রিয়ায় প্রথম গুরুত্বপূর্ণ ভোটটি অক্টোবর ৫ এর মধ্যেই হবে। তবে এফবিআই তদন্ত আরো আগে শেষ করতে পারলে ভোটটি এর আগেও হতে পারে।
বিচারক ব্রেট ক্যাভানোকে সুপ্রিম কোর্টের নবম বিচারপতি হিসেবে চূড়ান্ত নিয়োগ পেতে হলে সিনেটের বিচার বিভাগীয় কমিটির অনুমোদনসহ গোটা সিনেটেই অনুমোদন পেতে হবে। এ প্রক্রিয়াতেই সিনেটে ভোট হবে।
কিন্তু তার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ডের প্রথম যৌন হয়রানির অভিযোগের পর থেকেই তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা দেখা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গত ৩১ জুলাইয়ে বিচারপতি এন্থনি কেনেডি অবসরে যাওয়ার পর তার শূন্য পদের জন্য ব্রেট ক্যাভানোকে বেছে নেন প্রেসিডেন্ট ট্রাম্প।
