ফের শক্তিশালী টাইফুনের কবলে জাপান
গত মাসে আঘাত হানা একটি টাইফুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকটি টাইফুনের কবলে পড়েছে জাপান।
দেশটির প্রধান দ্বীপের দিকে ধেয়ে আসা টাইফুন ‘ত্রামি’র কারণে রোববার থেকেই অনেক এলাকার বিমান ও ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
বেশ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এখন পর্যন্ত গত মাসের টাইফুনের ক্ষয়ক্ষতি যেসব অঞ্চল কাটিয়ে উঠতে পারেনি, সেসব অঞ্চলের বাসিন্দাদেরকেও দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিম জাপানের ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েগুলো রোববার স্থানীয় সময় বেলা ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত মাসের টাইফুনের পর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিমানবন্দরটি চলতি মাসের ২১ তারিখ থেকে পূর্ণদ্যোমে কাজ শুরু করেছিল।
এয়ারলাইন্সগুলো প্রায় সাড়ে নয়শ ফ্লাইট বাতিল করেছে কিংবা বাতিলের পরিকল্পনা করছে বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।
পশ্চিমে চলাচলকারী অধিকাংশ স্থানীয় ট্রেন ও বুলেট ট্রেনের যাত্রা রোববার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ওয়েস্ট জাপান রেলওয়ে।
জাপানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় ৭ লাখ বাড়িঘরের মানুষকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণের ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলের তিন লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলে প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনএইচকে।
দুই মাত্রার শক্তিশালী টাইফুন ‘ত্রামি’ এখন জাপানের উত্তরপূর্ব এলাকার দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
রোববার ও সোমবারের মধ্যেই এটি কিউশু দ্বীপ এবং হনশুর প্রধান দ্বীপ অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম দিকে জাপান লন্ডভণ্ড করে দেওয়া টাইফুন ‘জেবি’ও একই পথ ধরে এগিয়েছিল।
জেবি ছিল ২৫ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। ১৯৬১ সালের পর এ টাইফুনই সবচেয়ে উঁচু ঢেউ নিয়ে ওসাকার নিকটবর্তী কানসাই বিমানবন্দরে আছড়ে পড়েছিল। জেবির কারণে সৃষ্ট বন্যায় বেশ কয়েকদিনের জন্য বিমানবন্দটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।
