‘ইরানের হুমকি’, বসরার কনসুলেট গুটাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বসরায় থাকা কনসুলেট বন্ধ করে দিয়ে সেখানকার কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান ও তাদের সমর্থিত আধাসামরিক বাহিনীর হুমকি ও রকেট হামলার প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত, বলছে ওয়াশিংটন।
তেহরানের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরাকের প্রধান বন্দরনগরী থেকে তাদের কনসুলেট গুটানোর এ ঘোষণা দিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনে (জেসিপিওএ) স্বাক্ষর করেছিল ইরান।
প্রেসিডেন্ট হওয়ার আগ থেকেই এ চুক্তিটির কড়া সমালোচনা করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়েও আনেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউরোপীয় মিত্রদের অসন্তোষ অগ্রাহ্য এরপর থেকেই তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পথে হাঁটছে ওয়াশিংটন। তা নিয়েই ইরানের সঙ্গে চলছে বাদানুবাদ।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বসরার কনসুলেট বন্ধের ঘোষণাকে তেহরানের জন্য ‘নতুন সতর্কতা’ হিসেবে অভিহিত করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা কোনো কূটনীতিক স্থাপনায় যে কোনো ধরনের হামলার জন্য ইরানকেই দায়ী করা হবে।
সম্প্রতি বসরা বিমানবন্দরের কম্পাউন্ডে আঘাত হানা রকেটগুলো মার্কিন কনসুলেট লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলেও অভিযোগ তার।
“ইরানের বোঝা উচিত, এ ধরনের কোনো হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে,” বিবৃতিতে বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।
কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে তার বিস্তারিত বলেননি পম্পেও। সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে মুখ খোলেননি মার্কিন অন্য শীর্ষ কর্মকর্তারাও।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বসরার কনসুলেটটি ‘ছেড়ে দিতে কর্মকর্তাদের নির্দেশ’ দেওয়ার কথা জানানো হয়। কার্যক্রম বন্ধের এ সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্যও হতে পারে বলে ধারণা রয়টার্সের।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে হুমকি ও উপহাস বিনিময়ের কয়েকদিনের মাথায় বসরার কনসুলেট বন্ধের এ সিদ্ধান্ত এল।
সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন। বলেন, তেহরানের নেতারা মধ্যপ্রাচ্যজুড়ে ‘বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংসের’ বীজ বপন করছেন।
প্রতিক্রিয়ায় রুহানি বলেন, তার আমেরিকান প্রতিপক্ষ‘বুদ্ধির দৈন্যতা’য় ভুগছেন। বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠান ও চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্টের সরে যাওয়াকে ‘চরিত্রের দোষ’ হিসেবেও অভিহিত করেন তিনি।
মঙ্গলবার নিউ ইয়র্কে ইরানবিরোধী এক সম্মেলনে তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও।
যুক্তরাষ্ট্র, এর নাগরিক কিংবা মিত্রদের ক্ষেত্রে সীমা লংঘন করলে ইরানকেই ‘মূল্য চুকাতে হবে’, বলেছেন তিনি।
