২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাভানোর ভাগ্য নির্ধারণে ভোট মার্কিন সিনেট কমিটিতে

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ব্রেট ক্যাভানোর মনোনয়ন নিশ্চিত করতে প্রথম ভোট অনুষ্ঠান করতে চলেছে সিনেটের বিচারবিভাগীয় কমিটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 10:43 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্যাভানোর বিরুদ্ধে যৌন অসদাচরণের একাধিক অভিযোগ এবং সিনেট কমিটিতে ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড নামের এক নারী বৃহস্পতিবার এ ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পর এ ভোট হচ্ছে।

ফোর্ড ১৯৮২ সালে ক্যাভানোর কাছে যৌন হেনস্থার শিকার হয়ে তার জীবন কিভাবে বদলে গিয়েছিল সেকথাই কাঁদতে কাঁদতে বর্ণনা করেছেন সিনেট কমিটিতে।

তবে ক্যাভানো ক্ষুব্ধ হয়ে ফোর্ড এবং অন্য কোনো নারীকে যৌন হেনস্থা করার অভিযোগ অস্বীকার করেছেন।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি ক্যাভানোর মনোনয়ন অনুমোদন করার জন্য সিনেট কমিটিকে আহ্বান জানিয়েছেন।

ভোটটি আগামী সপ্তাহে হবে বলে আশা করা হচ্ছে। সিনেটে বর্তমানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ (৫১-৪৯) হলেও দু’পক্ষেই বেশ কয়েকজন সিনেটর এখনো ক্যাভানোর ব্যাপারে  কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

ওদিকে, বৃহস্পতিবারের শুনানির পর আমেরিকান বার এসোসিয়েশনের প্রধান রবার্ট কার্লসন ভোট দেরিতে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। যাতে গোয়েন্দা সংস্থা এফবিআই ক্যাভানোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার সুযোগ পায়।

ক্যাভানোর মনোনয়ন চূড়ান্ত হলে দেশের সর্বোচ্চ আদালতে আগামী দিনগুলোতে কনজারভেটিভদের নিয়ন্ত্রণ পোক্ত হবে।

এ কারণে ডেমোক্র্যাটরা নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ক্যাভানোর মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়ায় কালক্ষেপণ করতে চাইছে বলে অভিযোগ করছে রিপাবলিকানরা।

পুরনো খবর:

ট্রাম্প মনোনীত ক্যাভানোর বিরুদ্ধে এবার তৃতীয় নারীর অভিযোগ
ট্রাম্প মনোনীত ক্যাভানোর বিরুদ্ধে আরেক নারীর অভিযোগ