২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প মনোনীত ক্যাভানোর বিরুদ্ধে এবার তৃতীয় নারীর অভিযোগ

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্রেট ক্যাভানোর বিরুদ্ধে এবার যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন তৃতীয় আরেক নারী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Sep 2018, 08:00 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

৫৫ বছর বয়স্ক নারী জুলি সোয়েটনিক সিনেট বিচারবিভাগীয় কমিটিতে এক লিখিত বিবৃতিতে তার অভিযোগ জানান। বিবৃতিটি বুধবার প্রকাশ করেন তার আইনজীবী মাইকেল আভেন্তি।

বিভিন্ন পার্টিতে ক্যাভানো প্রচুর মদ্যপান করে আগ্রাসী যৌন আচরণ করতেন বলে বর্ণনা করেছেন জুলি। ১৯৮০’র দশকে জর্জটাউন প্রিপারেটরি স্কুলে পড়ার সময় ক্যাভানোর এমন আচরণ দেখেছেন বলে জানান তিনি।

প্রকাশিত বিবৃতিতে জুলি লিখেছেন, ওই সময়ে নানা পার্টিতে তিনি ক্যাভানো ও তার সহপাঠী মার্ক জাজকে কিশোরীদেরকে নেশাগ্রস্ত করে ফেলার চেষ্টা করতে দেখেছেন। ধর্ষণ করার জন্যই তাদেরকে মদ্যপ করার এ চেষ্টা চলত।

জুলি জানান, অনেক পার্টিতে কোনো মেয়েকে একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করার জন্য ঘরের বাইরে অপেক্ষমাণ ছেলেদের লাইন তিনি দেখেছেন এবং সেই লাইনে ক্যাভানো ও জাজকেও দাঁড়িয়ে থাকতে দেখেছেন।

নিজেও এমন একটি চক্রের ধর্ষণের শিকার হয়েছেন বলে জানান জুলি। তবে ক্যাভানো বা তার সহপাঠী তাকে যৌন নিপীড়ন করেছিল কিনা তা বলেননি তিনি।

জুলির অভিযোগ উদ্ভট বলে উড়িয়ে দিয়েছেন ক্যাভানো। তিনি জুলিকে চিনেন না এবং এমন ঘটনা কখনও ঘটেনি বলেও জানিয়েছেন।

ওদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, জুলির আইনজীবী আভেন্তি মিথ্যা অভিযোগ করেছেন। তিনি কেবল মনোযোগ আকৃষ্ট করতে চাইছেন।

পুরনো খবর:

ট্রাম্প মনোনীত ক্যাভানোর বিরুদ্ধে আরেক নারীর অভিযোগ