২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সস্তায় তেল চাইলে মধ্যপ্রাচ্যে নাক গলাবেন না: ট্রাম্পকে ইরানের তেলমন্ত্রী

তেলের দাম ঠিক রাখতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে নাক গলানো বন্ধ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের তেলমন্ত্রী বিজান জানগানেহ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Sep 2018, 08:37 PM

Updated : 08 Apr 2022, 07:04 PM

তিনি বলেন, “ট্রাম্প ইরানের তেল রপ্তানি বন্ধ করতে উঠেপড়ে লেগেছেন, একইসঙ্গে তিনি চাইছেন তেলের দাম যেন না বাড়ে। দু’টি জিনিস একসঙ্গে ঘটা সম্ভব না।”

“যদি তিনি চান তেলের দাম না বাড়ুক এবং তেলের বাজার স্থিতিশীল থাকুক তবে তার মধ্যপ্রাচ্যে অনাকাঙ্খিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত; যা এ অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। একইসঙ্গে তার ইরানের তেল উৎপাদন ও রপ্তানিতে বাধা সৃষ্টি করাও উচিত না।”

‘অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ’ (ওপেক) নয়, বরং ট্রাম্পের কারণেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে বলেও মত প্রকাশ করেন জানগানেহ।

তিনি বলেন,“তেলের দাম বৃদ্ধি এবং বাজারে অস্থিতিশীলতার ক্ষেত্রে ট্রাম্প নিজের দায় ওপেকের উপর চাপাচ্ছেন।”

ওপেক সদস্যদের তেল উৎপাদন বাড়ানোর ক্ষমতা নেই বলেও জানান জানগানেহ।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক ভাষণে ট্রাম্প ওপেক সদস্যদের তেল উৎপাদন বাড়িয়ে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি জন্য ইরানকে দায়ী করে তিনি দেশটির উপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন।

ওপেকভূক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

আগামী ৪ নভেম্বর থেকে ইরানের তেল রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইরানের তেল রপ্তানি বন্ধ হলে স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে তেলের সংকট দেখা দেবে এবং দাম বাড়বে।