২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যুপে মরা ইঁদুর, চীনা রেস্তোরাঁর ১৯ কোটি ডলার গচ্চা

গরম স্যুপের মধ্যে মরা ইঁদুর পাওয়া যাওয়ার ঘটনায় চীনের জনপ্রিয় এক রেস্তোরাঁর গচ্চা গেছে প্রায় ১৯ কোটি ডলার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2018, 05:44 PM

Updated : 08 Apr 2022, 07:00 PM

হটপট ‘শিয়াবু শিয়াবু’ নামের ওই রেস্তোরাঁয় এক  অন্তঃসত্ত্বা নারী  স্যুপটি খেতে গিয়ে মরা ইঁদুর পান।

চপস্টিকে ধরা ওই ইঁদুরের ছবি সঙ্গে সঙ্গে অনলাইনে ছড়িয়ে পড়লে রেস্তোরাঁটির জনপ্রিয়তায় ধস নামে।বাজার মূল্যে ১৯ কোটি ডলার লোকসান হওয়া ছাড়াও এক বছরের মধ্যে শিয়াবু শিয়াবুর শেয়ার নেমে আসে সর্বনিম্নে।

বিবিসি জানায়,শ্যাংডং প্রদেশের ওই শাখাটি আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ওই নারীকে ৫০০০ হাজার ইউয়ান (৭৯২ ডলার)ক্ষতিপূরণ দিতে রাজিও হয়েছে।

তবে ওই নারীর স্বামী বলেছেন, ক্ষতিপূরণ নেওয়ার আগে তিনি তার স্ত্রীকে ডাক্তারি পরীক্ষা করতে চান। কারণ, তার স্ত্রী সেই স্যুপ কয়েক চামচ খেয়েও ফেলেছেন।

কিন্তু শুধু ক্ষতিপূরণ প্রস্তাবই নয়,শিশুর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকলে গর্ভপাত করানোর পরামর্শ দিয়ে এ কাজের জন্য ২০ হাজার ইউয়ান দেওয়ার প্রস্তাবও রেস্তোরাঁর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বামী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার একজন মন্তব্য করেন,“আমার বমি আসছে। আমি কখনোই ওই রেস্তোরাঁয় খাবার খেতে যাব না।”

শ্যাংডং প্রদেশের ওয়েইফ্যাং শহরে রেস্তোরাঁটির যে শাখায় ইঁদুরটি পাওয়া গেছে সে শহরের কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।