লিবিয়ায় এনওসি ভবনে হামলা, ২ কর্মী নিহত
লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একদল বন্দুকধারী দেশটির ন্যাশনাল অয়েল কর্পোরেশনের (এনওসি) প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে দুই কর্মীকে হত্যা করেছে।
আরও অন্তত ১০ কর্মী আহত হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তাবাহিনী দুই হামলাকারীকে গুলি করে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে।
রাজধানী কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী ওই ভবনটিতে সোমবার এ হামলা হয়।
গত কয়েক বছর ধরে লিবিয়ায় বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। সশস্ত্র বাহিনীগুলো প্রায়ই নিজেদের বিভিন্ন দাবি পূরণে তেলক্ষেত্রগুলোতে হামলা চালায়। কিন্তু এনওসি ভবনে হামলার ঘটনা এই প্রথম।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপলি নিয়ন্ত্রণ করলেও দেশেটির বেশির ভাগ অঞ্চল সশস্ত্র বিদ্রোহীদের দখলে।
গত সপ্তাহে জাতিসংঘ ত্রিপলিতে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং বিদ্রোহীদলগুলো ওই প্রস্তাবে রাজি হয়।
হামলার পর এনওসির এক কর্মী প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়েন।
তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিন থেকে পাঁচজন অস্ত্রধারী ভবনের ভেতরে গুলি চালাচ্ছে এবং কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
তবে এনওসির প্রধান মুস্তাফা সানাল্লাহকে নিরাপদে ভবন থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
কারা এ হামলা চালিয়ে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লিবিয়ার অর্থনীতির মূল চালিকাশক্তি তেল। কিন্তু ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মর গাদ্দাফিকে উৎখাতের পর থেকে দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রভাব তেল সেক্টরেও পড়েছে।
ত্রিপলিতে সম্প্রতি আবারও সংঘাত ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ আশেপাশের অন্যান্য শহরে পালিয়ে যাচ্ছে। অনেকে পরিবার নিয়ে নিজ বাড়িতে আটকা পড়ে আছে।
