২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানস সরোবরে রাহুল গান্ধীর ছবি নিয়ে বিতর্কের ঝড়

কৈলাসের মানস সরোবরে কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধীর ছবিটি ভুয়া বলে দাবি করেছেন বিজেপি নেতা গিরিরাজ সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 03:52 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

পুরনো খবর:

রাহুলকে বহনকারী বিমানে ‘যান্ত্রিক ত্রুটি’, ষড়যন্ত্রের অভিযোগ

শুক্রবার কংগ্রেস পার্টির অফিসিয়াল টুইটার পাতায় মানস সরোবরে রাহুলের একটি ছবি পোস্ট করে।

ছবিতে জ্যাকেট, ক্যাপ ও সানগ্লাস পরা রাহুলকে অন্য একজন তীর্থযাত্রীর সঙ্গে দেখা যাচ্ছে।

ওই ছবি সম্পর্কে গিরিরাজ বলেন, “এই ছবিতো নকল..লাঠির ছায়া গায়েব হয়ে গেছে।”

রাহুলের ছবি এবং ইউনিয়ন মন্ত্রী গিরিরাজের মন্তব্য নিয়ে টুইটার ব্যবহারকারীরা দুই ভাগ হয়ে গেছে।

কেউ গিরিরাজকে ‘মৌলিক বিজ্ঞান’ সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, তো কেউ রাহুলকে আক্রমণ করছেন।

এর আগেও বিজেপি নেতারা বেশ কয়েকবার রাহুলের বিরুদ্ধে ভুয়া ছবি পোস্ট করার অভিযোগ তুলেছেন।

বিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মকর্তা প্রীতি গান্ধী বলেন, “রাহুল আপনি কি ইন্টারনেট বা টুইটার থেকে ছবি নামাচ্ছেন? আপনি কি আসলেই মানসরবর বা অন্য কোথাও গিয়েছিলেন?”

বিজেপির ‘ভুয়া ছবির’ অভিযোগের জাবাবে শনিবার কংগ্রেস থেকে কৌলাশ পর্বতমালার সামনে দাঁড়ানো রাহুলের আরেকটি ছবি পোস্ট করেছে।

পাশে মোবাইলের একটি স্ক্রিনশটও পোস্ট করেছে। সেখানে কয় পা হেঁটে রাহুল মানসরবরে পৌঁছেছেন তা দেখানো হয়েছে।

নিচে লেখা, “গতকাল ১৩ ঘণ্টা বিরামহীন ভাবে হেঁটে তিনি প্রায় ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।”

এনডিটিভি জানায়, কর্নাটকে নির্বাচনের সময় মাঝ আকাশে রাহুলকে বহনকারী উড়োজাহাজে গোলযোগ দেখা দেওয়ার পর মানস সরোবরে তীর্থযাত্রায় যাওয়ার মানত করেছিলেন রাহুল।

ওই মানত পূরণ করতে তিনি ১২ দিনের জন্য তীর্থযাত্রায় রয়েছেন।

যদিও এই তীর্থযাত্রার শুরু থেকেই বিতর্ক পিছু নিয়েছে।

যাত্রার শুরুতে নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ক্যাফেতে খাবার খাচ্ছেন রাহুল। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

বিজেপি নেতাদের দাবি ছিল, রাহুল সেখানে আমিষ খেয়েছেন।

পরে ওই ক্যাফের পক্ষ থেকে এক বিবৃতিতে রাহুল নিরামিষ খাবার অর্ডার করেছেন বলে জানানো হয়।