ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: ‘লড়ছেন না’ লুলা
ব্রাজিলের দণ্ডিত সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা থেকে সরে আসছেন বলে দেশটির ওয়ার্কাস পার্টির বেশ কয়েকটি সূত্র ধারণা দিয়েছে।
প্রার্থীতা বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দুটি আপিল আবেদনে পরাজিত হওয়ার পর বামপন্থি এ রাজনীতিক উত্তরসূরী ফার্নান্দো হাদ্দাদকেই দলের প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছেন বলে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
অক্টোবরের নির্বাচনে অংশ নিতে পারলে ওয়ার্কার্স পার্টির সম্ভাব্য প্রার্থী লুলাই জিতবেন বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
যদিও গত সপ্তাহে সাংবিধানিক আদালতের এক সিদ্ধান্তে শ্রমিক ও নিম্নবিত্তদের কাছে তুমুল জনপ্রিয় এ রাজনীতিকের প্রেসিডেন্ট পদের ভোটে দাঁড়ানোর সুযোগ রুদ্ধ হয়ে যায়।
লুলার আইনজীবীরা সাংবিধানিক আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে বৃহস্পতিবার বিচারক এডসন ফাচিন ওই আবেদন খারিজ করে দেন।
দণ্ডিত সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী কারাগারে থাকা অবস্থাতেই লুলাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন।
ফাচিনের পর বৃহস্পতিবার অন্য এক বিচারকও প্রায় একই ধরনের আরেকটি আবেদন খারিজ করে দেন বলে আদালতের নথির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
ওয়ার্কার্স পার্টির সূত্রগুলো বলছে, আপিলে প্রত্যাখ্যাত হওয়ার পর কারাগারের ভেতরেই লুলার সঙ্গে হাদ্দাদের একটি বৈঠক ঠিক করা হয়েছে। সোমবারের ওই বৈঠকেই লুলা তার উত্তরসূরীর হাতে একটি চিঠি দেবেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে সমর্থকদের প্রতি হাদ্দাদকে ভোট দেওয়ার অনুরোধ থাকতে পারে।
হাদ্দাদকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধনে ওয়ার্কার্স পার্টির হাতে মঙ্গলবার পর্যন্ত সময় আছে।
দুর্নীতির দায়ে ১২ বছরের দণ্ড উপেক্ষা করেই সাবেক ট্রেড ইউনিয়ন কর্মী লুলাকে অক্টোবরের নির্বাচনে প্রার্থী বানানোর ঘোষণা দিয়েছিল ওয়ার্কার্স পার্টি।
ঘুষ নেওয়ার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসা লুলা বলেছিলেন, নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতেই তড়িঘড়ি দণ্ড ঘোষণা করেছিল ব্রাজিলের আদালত।
ডাটাফোলার জনমত জরিপে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রেসিডেন্ট থাকা লুলার পক্ষে ৩৯ শতাংশ ভোটারের সমর্থনের চিত্র দেখা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাইর বোলসোনারোর ছিল ১৯ শতাংশ সমর্থন।
কট্টর ডানপন্থি এ প্রার্থী নির্বাচনী প্রচার চালানোর সময় বৃহস্পতিবার ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
লুলার সমর্থন হাদ্দাদের জনপ্রিয়তা অনেকখানি বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে; সাও পাওলোর এ সাবেক মেয়রের বিরুদ্ধে মঙ্গলবার দুর্নীতির অভিযোগ ওঠায় নতুন করে সংকটে পড়ে ওয়ার্কার্স পার্টি। হাদ্দাদ অবশ্য তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন।
