ফুকুশিমায় তেজস্ক্রিয়তায় এক কর্মীর মৃত্যু নিশ্চিত করেছে জাপান
৭ বছর আগে ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় এক কর্মী মারা গেছেন বলে এই প্রথম নিশ্চিত করেছে জাপান।
ওই পুরুষ কর্মীর বয়স ৫০এর কোটায় ছিল। ২০১৬ সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।
এর আগে জাপান সরকার ফুকুশিমা পরমাণু কেন্দ্রে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় চার কর্মী অসুস্থ হওয়ার কথা জানিয়েছিল। তবে তেজস্ক্রিয়তার কারণে কোনো কর্মীর মারা যাওয়ার খবর স্বীকার করার ঘটনা এটিই প্রথম।
২০১১ সালে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির আঘাতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ফুকুশিমা পরমাণু কেন্দ্র ধ্বংস হয়।
ভয়ঙ্কর ওই সুনামিতে বিশ্বজুড়ে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়। গৃহহীন হয় দেড় লাখের বেশি মানুষ।
বিবিসি জানায়, মারা যাওয়া ওই কর্মী ১৯৮০ সাল থেকে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দায়িচি প্ল্যান্টে কাজ করেছেন।
সুনামির পর ফুকুশিমার এক নম্বর প্ল্যান্টে বিস্ফোরণের আগে তিনি সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপের দায়িত্বে ছিলেন।
তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পর অন্তত দুইবার তিনি এক নম্বর প্ল্যান্টে কাজ করেছেন। যদিও তিনি মাস্ক এবং সুরক্ষা পোশাক পরে ছিলেন বলে জানায় দেশটির স্বাস্থ্য , শ্রম এবং কল্যাণ মন্ত্রণালয়।
রেডিওলজিস্ট ও অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের মতামত শোনার পর মন্ত্রণালয় মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
১৯৮৬ সালে চেরনবিল পারমাণু চুল্লির বিস্ফোরণের পর ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বিস্ফোরণকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
যদিও এখন পর্যন্ত টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানির মালিকানাধীন ফুকুশিমা পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের কারণে সঙ্গে সঙ্গে কারো মৃত্যু হয়নি। কিন্তু গত কয়েক বছরে কোম্পানিটিকে বেশ কয়েকটি ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হয়েছে।
ওই সময় ফুকুশিমা পরমাণু কেন্দ্রের কাছের একটি হাসপাতাল থেকে ৪০ জনের বেশি রোগীকে সরিয়ে নেওয়া হয়েছিল। যারা পরে বিভিন্ন সময় মারা যান।
এছাড়া, ওই এলাকার বাসিন্দা বেশ কয়েকজন আতঙ্কে বা প্রিয়জনকে হারানোর শোকে ধীরে ধীরে মৃত্যু বরণ করেন।
