২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সংঘর্ষ বাড়ছে, বন্ধ ফেইসবুক

লিবিয়া প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে লড়াই-সংঘাত বাড়তে থাকায় রাজধানী ত্রিপোলি ও আশেপাশের শহরগুলোতে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Sep 2018, 10:12 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

লিবিয়ায় যেকোনো খবর জানার অন্যতম মাধ্যম ফেইসবুক। সেখানকার সরকারি কর্মকর্তা, মন্ত্রণালয় এবং সশস্ত্র দলগুলো ফেইসবুকে নানা বিবৃতি দিয়ে দেশের নিয়ন্ত্রণ পরিচালনা করে।

মঙ্গলবার দুপুর থেকে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে টুইটারে ‍অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

লিবিয়ার অনেক বাসিন্দাও বার্তা সংস্থা রয়টার্সকে ফেইসবুকে প্রবেশ করতে না পারার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

সপ্তাহখানেক আগে ত্রিপোলিতে কয়েকটি বিদ্রোহী দলের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়েছে।

২০১১ সালে তৎকালিন শাসক মুয়াম্মর গাদ্দাফিকে উৎখাতের পর লিবিয়ায় যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় নতুন করে এ সংঘাত ছড়িয়ে পড়েছে।

লিবিয়ায় পরষ্পর বিরোধী দুইটি পক্ষ নিজেদের বৈধ সরকার বলে দাবি করে।

তবে ফেইসবুক কারা বন্ধ করেছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ফেইসবুক বন্ধ থাকলেও সেখানে ইন্টারনেট সেবা চালু আছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দেশটিতে সরকারি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেটে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা তা নজরদারি করে।

বিভিন্ন সশস্ত্র দল ওইসব নিরাপত্তা সংস্থাগুলোর নিয়ন্ত্রণ করে এবং তারা দেশটির জাতিসংঘ সমর্থিত ক্ষমতাহীন সরকারের সঙ্গে কাজ করে।