ইরাকে ইরানি অস্ত্রশস্ত্রের ওপর হামলার ইঙ্গিত ইসরায়েলের
ইরাকে ইরানের সরবরাহ করা অস্ত্রশস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় যে কায়দায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে সেভাবেই ইরাকে ইরানের অস্ত্র রাখার সন্দেহজনক স্থানগুলো লক্ষ্য করে সোমবার হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে দেশটি।
ইরান, ইরাক ও পশ্চিমা কয়েকটি দেশের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহে বলেছিল, গত কয়েকমাসে ইরাকে শিয়া মিত্রদেরকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান।
বিষয়টি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
যদিও তেহরান ও বাগদাদ আনুষ্ঠানিকভাবে এ খবর অস্বীকার করেছে।
ইরানের আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে সব সময়ই উদ্বিগ্ন থাকে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরান শক্তিশালী হয়ে উঠলে ইসরায়েলকেই সবচেয়ে বিপদে পড়তে হবে।
সিরিয়ায় ইরানি সেনা অবস্থান লক্ষ্য করে এর আগে কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান বলেন, “সিরিয়ায় কী হচ্ছে এবং সেখানে ইরানিরা কতটা হুমকির কারণ হয়ে উঠছে তা আমরা সব সময় অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজরদারি করছি। আমরা নিজেদের শুধুমাত্র সিরিয়ার ভূখণ্ডেই সীমিত রাখব না- একথাটাও স্পষ্ট করে বলা প্রয়োজন।”
সেক্ষেত্রে ইরাকেও সম্ভাব্য অভিযান চালাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বলতে চাচ্ছি, আমরা ইরানের সব ধরনের হুমকি মোকাবেলা করব.. সে হুমকি যেখান থেকেই আসুক না কেনো সেটি কোনো ব্যাপার নয়। নিজেদের রক্ষা করার সম্পূর্ণ স্বাধীনতা ইসরায়েলের আছে।”
ইরাক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
