এবছর ভূমধ্যসাগরে বিলীন হয়েছে ১,৫৪৯ শরণার্থী: জাতিসংঘ
এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১,৫৪৯ শরণার্থীর প্রাণহানি হয়েছে। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২,৪৪৩।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ (আইওএম) এ তথ্য জানিয়েছে।
শুক্রবার প্রকাশিত আইওএমর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এ বছর ২৯ অগাস্ট পর্যন্ত ৬৮ হাজারের বেশি শরণার্থী ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। এদের মধ্যে প্রায় সাড়ে ২৮ হাজার শরণার্থী স্পেনে আশ্রয় নিয়েছে।
গত বছর একই সময়ে এ অঞ্চলে শরণার্থী প্রবেশের সংখ্যা ছিল ১২৪,০১৫। এ বছর সে সংখ্যা এর অর্ধেকেরও কম বলে জানিয়েছে আইওএম।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৮ সালে ভূমধ্যসাগর দিয়ে প্রায় ২০ হাজার শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে। ২০১৭ সালের তুলনায় যা প্রায় ৮০ শতাংশ কম বলে জানায় আইওএম।
মূলত লিবিয়া উপকূল থেকে শরণার্থীরা নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করে।
