নিরস্ত্রীকরণ না হলে কোরিয়া যুদ্ধ শেষের ঘোষণা নয়: যুক্তরাষ্ট্র
কোরিয়া যুদ্ধ শেষের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সই করতে হলে উত্তর কোরিয়াকে আগে নিরস্ত্রীকরণ করতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে সিনহুয়া বার্তা সংস্থা মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র হিদার নুয়ার্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, “ওই বিষয়টি পেতে গেলে আগে পারমাণবিক নিরস্ত্রীকরণ হতে হবে বলেই আমরা বিশ্বাস করি।”
সিংগাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১২ জুনের বৈঠকে কোরিয়া যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক যৌথ ঘোষণাপত্র সই করা নিয়ে দুই নেতা মৌখিকভাবে রাজি হয়েছিলেন।
কিন্তু ওই সময়ের পর থেকে এ পর্যন্ত দু’দেশের সম্পর্ক শীতল হয়েছে এবং উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে যথেষ্ট তৎপর না হওয়ার কারণে গত সপ্তাহে উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পিত সফরও বাতিল হয়েছে।
তবে শান্তি এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ছাড়াও কোরিয়া যুদ্ধ অবসানের ঘোষণার বিষয়টি নিয়েও উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ আছে।
উত্তর কোরিয়া বলছে, এরকম একটি ডকুমেন্ট কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপস্বরূপ। কিন্তু ওয়াশিংটন বলছে, এ বিষয়টি নিয়ে আলোচনার সময় এখনো আসেনি।
