২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালো কিশোর হত্যায় সাবেক টেক্সাস পুলিশের ১৫ বছরের জেল

গত বছর ডালাসের নিকটবর্তী এক শহরে ১৫ বছর বয়সী এক কালো কিশোরকে হত্যার দায়ে টেক্সাসের এক সাদা সাবেক পুলিশ সদস্যেকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 02:59 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

বুধবার এই রায় ঘোষণার আগেরদিন মঙ্গলবার একই বিচারক ৩৮ বছর বয়সী সাবেক পুলিশ সদস্য রয় অলিভারকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত বছর ডালাস থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণপূর্বে প্রধানত কালো ও হিস্পানিক অধ্যুষিত শহর ব্যালচ স্প্রিংসে পুলিশের গুলি মারা যান ১৫ বছর বয়সী কিশোর জর্ডান এডওয়ার্ডস। একটি হাউস পার্টিতে অপ্রাপ্তবয়স্করা মদপান করছে এমন অভিযোগ পেয়ে সেখানে যান অলিভার ও তার সহকর্মী আরেক পুলিশ কর্মকর্তা।

আদালতে সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, একটি গাড়িতে করে কয়েকজন কিশোর চলে যাওয়ার সময় অলিভার গাড়ি লক্ষ্য করে কয়েকবার নিজের রাইফেল থেকে গুলি ছুড়েন। 

তার গুলিতে ওই গাড়িতে থাকা হাইস্কুলের বিশেষ কৃতিত্বসম্পন্ন ছাত্র ও ক্রীড়াবিদ এডওয়ার্ডস মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশের বিরুদ্ধে বর্ণগত পক্ষপাতের অভিযোগ ওঠে যা সারাদেশজুড়ে বিতর্ক তৈরি করেছিল। 

অলিভারের এ দণ্ডাজ্ঞা কোনো নিরস্ত্র ব্যক্তিকে হত্যার দায়ে কোনো পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করার বিরল উদাহরণ বলে জানিয়েছে রয়টার্স।

রায়ের পর এডওয়ার্ডস পরিবারের এক আইনজীবী ড্যারিল ওয়াশিংটন বলেছেন, “এই মামলা জর্ডানের চেয়েও বড়। কিছু পরিবর্তন হতে যাচ্ছে, শুধু এই আশাই করছি আমরা।”

অলিভারের আইনজীবী বব গিল জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

অলিভার একজন ‘ট্রিগার-হ্যাপি’ পুলিশ সদস্য এবং সে আগেভাগেই ওই কিশোরকে কবরে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ফার্স্ট অ্যাসিসট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল স্নাইপস।

অলিভারের গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, তিনি ও সঙ্গে থাকা অপর পুলিশ কর্মকর্তা ওই হাউস পার্টির কাছে একটি চৌরাস্তায় একটি গাড়ি থামানোর চেষ্টা করেন।

অপর পুলিশ কর্মকর্তা তার রাইফেলের বাট দিয়ে গাড়ির জানালা ভেঙে ফেলেন। জুরিদের দেখানো পুলিশের বডি ক্যামেরার ছবিতে দেখা গেছে, একটি গাড়ি অলিভারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর তিনি সেটি লক্ষ্য করে গুলি ছুড়ছেন। 

অলিভারের পক্ষে লড়া আইনজীবী জিম লেন দাবি করেছেন, ওই রাতে ওই গাড়িটি অলিভারের পার্টনারের জন্য হুমকি ছিল এবং তিনি (অলিভার) তার পার্টনারকে রক্ষার জন্য গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন।

অলিভারের ছোট ছেলেটি অটিস্টিক হওয়ায় তাকে সর্বনিম্ন পাঁচ বছরের সাজা দিতে আদালতের কাছে আবেদন করেছিলেন অলিভারের মা লিন্ডা অলিভার। তার এ আবেদনে কাজ হয়নি, অন্তত রায়ে এমনটিই প্রতিফলিত হয়েছে।