২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে স্থানীয় নির্বাচন কমিশন দপ্তরের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 06:47 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

শনিবার বেশ কিছু লোক ওই দপ্তরটির কাছে প্রতিবাদ বিক্ষোভ করার সময় হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ হামলায় আরও আট জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সন্দেহজনক সম্পর্ক থাকায় অযোগ্য ঘোষিত এক প্রার্থীর পক্ষে সমর্থন জানাতে ওই প্রতিবাদকারীরা জড়ো হয়েছিলেন।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, অযোগ্য ঘোষিত ওই প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের দপ্তরটি বন্ধ করে দেওয়ার চেষ্টার সময় বিস্ফোরণটি ঘটে। 

“আমরা বিক্ষোভ বন্ধ করতে প্রতিবাদকারীদের অনুরোধ করেছিলাম, কারণ তারা জঙ্গি হামলার শিকার হতে পারে; কিন্তু তারা আমাদের সতর্ক বার্তা উপেক্ষা করে,” বলেছেন তিনি। 

অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সন্দেহজন সম্পর্ক থাকায় আফগানিস্তানের বহু প্রভাবশালী ব্যক্তি ও আইনপ্রণেতাকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এতে আসন্ন সাধারণ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার ও এর প্রতি হুমকি তৈরি করার জন্য অযোগ্য ঘোষিত এসব প্রার্থীর সমর্থকরা উৎসাহিত হচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।

পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠী তালেবান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে।