চীনে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৯
চীনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর হারবিনের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে ওই হট স্প্রিং রিসর্টে আগুন লাগে বলে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ঘটনায় আহত আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বেইলং হট স্প্রিংস লেজার নামের চার তলা ওই হোটেলটিতে কীভাবে আগুন লাগল তা বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
হোটেলটির দ্বিতীয় তলার একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, কর্মকর্তারা এমনটি জানিয়েছেন বলে খবর দ্য পিপলস ডেইলি সংবাদপত্রের।
সাশ্রয়ী এই স্পা রিসোর্টটিতে স্থানীয় পর্যটকদের আনাগোনাই বেশি ছিল।
আগুন হোটেলটির প্রায় ৪০০ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়েছিল এবং তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে চীনা গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রথমে ১৮ জন নিহত হলেও হাসপাতালে এক জন মারা যাওয়ার পর নিহতের সংখ্যা বৃদ্ধি পায়।
হারবিন চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের রাজধানী। বেইজিং থেকে এর দূরত্ব প্রায় সাড়ে ১২শ কিলোমিটার।
