২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে প্রথম নারী যুদ্ধবিমান পাইলট মিসা মাৎসুশিমা

নারী যে পুরুষের চেয়ে কোনো অংশেই কম নয় তা যুদ্ধবিমান চালিয়ে অনেক আগেই প্রমাণ করেছেন বিভিন্ন দেশের নারীরা। এবার সেপথে হেঁটেই দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন জাপানের মিসা মাৎসুশিমাও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 07:41 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

জাপানের সেনাবাহিনী জানিয়েছে, ফার্স্ট লেফটেন্যান্ট মিসা বুধবার এফ-১৫ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শেষ করেছেন এবং ছাড়পত্রও পেয়ে গেছেন। শুক্রবার থেকেই তার কাজ শুরু করার কথা।

সাংবাদিকদের তিনি বলেন, “প্রথম নারী (যুদ্ধবিমান) পাইলট হিসাবে আমি অন্যদের জন্যও আকাশ ছোঁয়ার দ্বার খুলে দেব।”

জাপানের বিমান বাহিনীতে ১৯৯৩ সাল থেকে নারীদের নেওয়া হয়ে আসলেও তাদের যুদ্ধবিমান এবং নজরদারি বিমান চালানো নিষিদ্ধ ছিল। ২০১৫ সালের শেষ দিকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে, মিসার মতো নারীদের স্বপ্ন পূরণের দ্বার খুলে যায়।

জাপানের জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে পড়াশুনা করা মিসা তার শৈশবের স্বপ্নের কথা বর্ণনা করে সাংবাদিকদের বলেন, “প্রাইমারি স্কুলে পড়ার সময়ই হলিউড ছবি ‘টপ গান’ দেখেছিলাম। তখন থেকেই আমি যুদ্ধবিমান চালানোর স্বপ্ন দেখা শুরু করি।"

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অন্য নারীরাও যাতে এপথ অনুসরণ করে স্বপ্ন পূরণ করতে পারে সে চেষ্টাই করে যাবেন বলে জানিয়েছেন মিসা।

তার সাফল্যে এক টুইটে জাপানের বিমান প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের বাহিনীতে ‘প্রথম নারী যুদ্ধবিমান পাইলটের জন্ম হল’।

জাপানে অন্য আরো তিন নারী বর্তমানে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, জাপানে নারী-পুরুষের মধ্যে প্রচুর বৈষম্য রয়েছে। বেশির ভাগ নারীই সেখানে চাকরি বা ক্যারিয়ার গড়ার বদলে গৃহবধু হয়েই জীবন কাটিয়ে দেয়।

কিন্ত দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যেতে থাকায় এবং কর্মক্ষেত্রে শ্রমশক্তি কমে আসতে থাকায় প্রধানমন্ত্রী শিনজো আবে ২০১৩ সালে নারীদেরকে বেশি করে কাজে লাগানোর দিকে মনোনিবেশ করেন।