২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ১৯

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামলাটি থেকে বেঁচে যাওয়া লোকজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 01:17 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

রোববার ভোররাতে বোর্নো রাজ্যের গুজামালা অঞ্চলের মাইলারি গ্রামে হামলাটি চালানো হয় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকার (আইএসডব্লিউএ) বিদ্রোহীদের পরাজিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে নাইজেরিয়া। এ হামলা তাদের সেই উদ্যোগে আবারও বড় ধরনের আঘাত হানলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভোররাত প্রায় ২টার দিকে জঙ্গিরা হামলা চালায় বলে জানিয়েছেন বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী আবাচো উমর। তবে হামলাকারীরা বোকো হারাম না আইএসডব্লিউএ-র লোক ছিল তা শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

হামলায় নিহত ১৯ জনের লাশ গুনেছেন বলে জানিয়েছেন তিনি, তাদের মধ্যে তার ছোট ভাইয়ের লাশও ছিল। 

মাইলারির বেঁচে যাওয়া লোকজনকে একটি শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই শিবিরের এক ত্রাণকর্মী মাইলারির হামলায় ৬৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

ওই এলাকাটির কয়েকশত লোক এলাকা ছেড়ে পালিয়ে তিনি যেখানে কাজ করেন বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত মোনগুনোর সেই শিবিরে এসে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন তিনি।    

হামলার তিন দিন আগে তাদের গ্রামের আশপাশে জঙ্গিদের দেখা গিয়েছিল বলে জানিয়েছেন উমর। এরপর স্থানীয়রা নিকটবর্তী শহর গুদুমবালিতে অবস্থানরত নাইজেরীয় সেনাদের খবর দিয়েছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উমরের।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার সামরিক বাহিনী গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় পরাজয়গুলোর মুখোমুখি হয়েছে। এ কারণে সামরিক কমান্ডারদের বারবার পরির্তন করা হয়েছে এবং সৃষ্ট অসন্তোষে বিশেষ বাহিনীর সৈন্যরা বিদ্রোহী হয়েছে।