ইরাক সীমান্তের কাছে ১০ জঙ্গিকে হত্যার দাবি ইরানি রক্ষীদের
উত্তর-পশ্চিমাঞ্চলে ইরাকি সীমান্তের কাছে রাতে চালানো এক নিরাপত্তা অভিযানে ১০ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী।
বাহিনীটি শনিবার এ কথা জানিয়েছে; ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইআরএনএতে প্রকাশিত বিবৃতিতে বিপ্লবী রক্ষী বাহিনী বলেছে, “নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল করা ও অন্তর্ঘাত চালানোর উদ্দেশ্যে ওশনাভিয়ার সীমান্ত এলাকা দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা করা ব্যাপক অস্ত্রসজ্জিত সন্ত্রাসী দলের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে এবং তীব্র লড়াইয়ে অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে।”
ইরাক-ইরান সীমান্তে অনেক জায়গায়ই নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক-ফোকর আছে। এসব জায়গা দিয়ে ইরাকভিত্তিক কুর্দি বিদ্রোহীরা ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা প্রায়ই ইরানে অনুপ্রবেশ করে। সীমান্ত এলাকায় এসব অনুপ্রবেশকারীদের সঙ্গে ইরানি বাহিনীর প্রায়ই বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
জুলাইতে পর্বতময় ওই সীমান্ত এলাকায় অন্তত দুটি সংঘাতের ঘ্টনায় ১০ ইরানি রক্ষী ও তিন জঙ্গি নিহত হয়েছিল।
২০১৭ সালে আইএসের জঙ্গিরা ইরানের রাজধানী তেহরানের পার্লামেন্ট ভবন ও দেশটির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুলোল্লাহ খোমেনির মাজারে সমন্বিত আক্রমণ চালিয়েছিল। ওই হামলায় মোট ১৮ জন নিহত হয়েছিল।
