২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় গুলিতে নিহত ৪

কানাডায় ফ্রেডেরিকটন শহরে গুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2018, 08:51 PM

Updated : 08 Apr 2022, 06:50 PM

নিউ ব্রানসউইক প্রদেশের রাজধানী ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

সন্দেহভাজন একজনকে আটক করে কাস্টডিতে নেওয়া হয়েছে বলে এক টুইটে জানিয়েছে পুলিশ। তবে তার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিটিকে মারাত্মক জখমের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে রেখেছে। ফ্রেডেরিকটন পুলিশের পক্ষ থেকে স্থানীয় অধিবাসীদের ঘরের বাইরে না যাওয়া এবং ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডায় এর আগে ২০১৪ সালে মঙ্কটন, নিউ ব্রানসউইক এ আরকটি গুলির ঘটনায় জাতীয় পুলিশ বাহিনীর তিন কর্মকর্তা নিহত এবং আরো দুইজন আহত হয়েছিলেন। এটিই ছিল কানাডায় ওই সময়কার সবচেয়ে ভয়াবহ গুলির ঘটনা।

যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডায় বন্দুক আইন কঠোর হওয়ায় সেখানে গুলির ঘটনা এবং বিশেষ করে পুলিশের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা খুবই বিরল। কিন্তু সম্প্রতি কয়েক বছরে দেশটিতে অস্ত্রের বিস্তার ঘটায় বন্দুক অপরাধ বেড়ে গেছে।

গত মাসে এক বন্দুকধারী টরেন্টোর ব্যস্ত রাস্তায় হেঁটে গিয়ে দু’জন মানুষকে হত্যা করেছে এবং ১৩ জনকে আহত করে।