২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের ‘বিলাসী’ ভিক্ষুর ১১৪ বছরের কারাদণ্ড

জালিয়াতি, মুদ্রা পাচার ও কম্পিউটার সংক্রান্ত অপরাধের দায়ে সাবেক এক বৌদ্ধ ভিক্ষুকে ১১৪ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 04:22 PM

Updated : 08 Apr 2022, 06:50 PM

২০১৩ সালে ইউটিউবে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ব্যক্তিগত বিমানে উইরাপোল সুকফোলকে নগদ অর্থের বান্ডিল হাতে দেখা গিয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।

ভিক্ষু উইরাপোলের বিলাসী জীবনযাপন থাইল্যান্ডজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এর পরপরই ভিক্ষু লুয়াং পু নেনখাম নামে পরিচিত উইরাপোলের ভিক্ষু পদবী প্রত্যাহার করে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া এ সাবেক ভিক্ষুর বিরুদ্ধে আধ্যাত্মিক ক্ষমতার কথা বলে ভক্তদের সঙ্গে জালিয়াতি, বিলাসবহুল একাধিক গাড়ি কেনা, শিশু নিপীড়ন ও অপহরণের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক এক বালিকার সঙ্গে যৌন সংসর্গ স্থাপনের অভিযোগ ওঠে, যা একজন বৌদ্ধ ভিক্ষুর জন্য অত্যন্ত মারাত্মক অপরাধ।

২০১৭ সালে যুক্তরাষ্ট্র ফেরত পাঠানোর পর থাই আদালতে তার বিচার শুরু হয়।

বৃহস্পতিবার ব্যাংককের একটি অপরাধ আদালত বিভিন্ন অভিযোগে উইরাপোলকে ১১৪ বছরের কারাদণ্ড দিলেও তাকে মাত্র ২০ বছর জেল খাটতে হবে বলে জানিয়েছে রয়টার্স।

থাইল্যান্ডের আইনে একই অপরাধের একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরও কোনো ব্যক্তির সাজার মেয়াদ যত বেশিই হোক না কেন, তাকে ২০ বছরের বেশি কারাগারে থাকতে হয় না।

“মানুষজনকে ধোঁকা দিতে তিনি (উইরাপোল) নিজের আধ্যাত্মিক ক্ষমতা থাকার কথা বলে জালিয়াতি করেছিলেন। তিনি অসংখ্য বিলাসবহুল গাড়িও কিনেছিলেন যেগুলোকে মুদ্রাপাচার আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এসব বিষয়ে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে সর্বমোট ১১৪ বছরের কারাদণ্ড দিলেও তাকে কার্যত ২০ বছর জেলে থাকতে হবে,” বৃহস্পতিবার রায়ের পর রয়টার্সকে এমনটাই বলেছেন থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অব স্পেশাল লিটিগেশনের এক কর্মকর্তা।

গণমাধ্যমে কথা বলার জন্য নির্ধারিত ব্যক্তি না হওয়ায় নাম-পরিচয় প্রকাশে রাজি হননি তিনি।

রায়ের বিষয়ে উইরাপোল বা তার আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাবেক এ বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে চলা শিশু নিপীড়ন ও অপহরণের অভিযোগের রায়ও অক্টোবরে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

উইরাপোল ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে যৌন ও অর্থ কেলেঙ্কারির ঘটনায় বেশ কয়েকজন বৌদ্ধ ভিক্ষুর নাম উঠে আসায় থাইল্যান্ডে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি জোরাল হয়েছে।

২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা দেশটির সামরিক সরকারও ভিক্ষুদের সর্বোচ্চ পরিষদ বুদ্ধিজম সঙ্ঘ সুপ্রিম কাউন্সিলের প্রভাব কমাতে নতুন আইনসহ দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারিতে নাম থাকা ভিক্ষুদের গ্রেপ্তারের মাধ্যমে নানা তৎপরতা চালাচ্ছে।