নতুন হাইপারসনিক বিমানের প্রথম পরীক্ষা চালাল চীন
চীন নতুন করে একটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওয়েব রাইডার হাইপারসনিক বিমানের প্রথম সফল পরীক্ষা চালিয়েছে।
প্রচণ্ড গতি এবং কক্ষপথ অনুমান করা যায় না বলে এটি বর্তমান যেকোনো ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম।
শুক্রবার চীনের উত্তরপশ্চিমাঞ্চলে জিংকং-২ বা স্টেরি স্কাই-২ নামের এই বিমানের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
এটি স্বাধীনভাবে উড়তে সক্ষম, বড় আকারে বাঁক নিতে পারে এবং নির্ধারিত লক্ষ্যে ঠিকঠাকমত অবতরণ করতে পারে।
চীনের সেনাবাহিনীর বিশেষজ্ঞ সং ঝংপিং বলেন, “এটি এমন একটি আকাশযান যেটি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে উড়ে চলে এবং নিজের তৈরি শব্দতরঙ্গ ব্যবহার করে দ্রুতগতিতে ছুটে চলে।”
অত্যাধুনিক এই অস্ত্রের মাধ্যমে চীন এরই মধ্যে প্রযুক্তিতে বড় ধরনে বিপ্লব ঘটিয়েছে বলেও মনে করেন তিনি।
বর্তমান ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় প্রধানত ওইসব ক্ষেপণাস্ত্রকে সনাক্ত করে ধ্বংস করা যায় যেগুলোর গতি হয় ধীর অথবা যেগুলোকে সহজেই সনাক্ত করা যায়।
কিন্তু জিংকং-২ এয়ারক্রাফ্টটি আকাশে থাকাকালে সেটির কক্ষপথ আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। তাছাড়া প্রচণ্ড গতির কারণে এটি বর্তমান ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের পরীক্ষায় ফেলতে সক্ষম বলে মনে করেন সং।
