২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ‘এক জিম্মিকে হত্যা করেছে ইসলামিক স্টেট’

সিরিয়ার সরকারি বাহিনীর অধিকৃত শহর সুইদায় হামলা চালানোর পর সেখান থেকে ধরে নিয়ে যাওয়া জিম্মিদের মধ্যে এক জনকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 03:13 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

স্থানীয় গণমাধ্যম ও সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার এ সংবাদ দিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত ২৫ জুলাই আইএসের জঙ্গিরা সমন্বিত আক্রমণ চালিয়ে আশপাশের গ্রামগুলো দখলে নেওয়ার পর সুইদা শহরে অনেকগুলো আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ২০০ জনেরও বেশি লোক নিহত হন যাদের অধিকাংশই বেসামরিক।

সুওয়েদা২৪ এবং সুইদা নিউজ নেটওয়ার্কের অনলাইন সংবাদ আউটলেট জানিয়েছে, আইএসের প্রচার করা কয়েকটি ছবিতে ১৯ বছর বয়সী মুহানাদ দাউকান আবু আমরকে জঙ্গিগোষ্ঠীটি হত্যা করেছে বলে দেখা গেছে।

অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও আবু আমরকে হত্যা করার খবর দিয়েছে। ২৫ জুলাইয়ের হামলার পর আইএস সুইদা থেকে ৩০ জনেরও বেশি লোককে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুইদা এলাকাটিতে প্রধানত দ্রুজ সম্প্রদায়ের লোকজন বাস করে। জিম্মিদের মুক্তির জন্য দ্রুজ কর্তৃপক্ষের সঙ্গে আইএসের আলোচনা চলার মধ্যেই জিম্মি আবু আমরকে হত্যা করলো জঙ্গিগোষ্ঠীটি।