২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবদাহের কারণে ৪টি পারমাণবিক চুল্লি বন্ধ রেখেছে ফ্রান্স

ইউরোপজুড়ে চলমান দাবদাহের কারণে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চারটি পারমাণবিক চুল্লির উৎপাদন স্থগিত রেখেছে ফ্রান্সের প্রধান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি ইডিএফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 09:54 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

শনিবার কোম্পানিটির এক মুখপাত্র এ কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোন ও রাইন নদীতে উচ্চ তাপমাত্রা বিরাজের বিষয়টি নিবন্ধিত হওয়ার পর সাময়িকভাবে চুল্লিগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চুল্লিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ওই তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই নদী দুটোর পানি ব্যবহার করে। ব্যবহারের পর উষ্ণ হয়ে ওঠা পানি আবার নদীতেই ফিরিয়ে দেওয়া হয়।

কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রকল্পগুলোতে নদী দুটোর পানি ব্যবহার হ্রাস করে ব্যবহারযোগ্য পানির পরিমাণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।    

উৎপাদন স্থগিত করা চারটি চুল্লির দুটি ইডিএফের বুজে প্রকল্পের। এর একটির অবস্থান সা অ্যালবো এলাকায় এবং অপরটি জার্মানির সীমান্তের নিকটবর্তী ফিসেনাইম এলাকায়।

ইউরোপের অধিকাংশ এলাকার মতো ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও দাবদাহ পরিস্থিতি বিরাজ করছে। রোন উপত্যকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলিসিয়াসে উঠতে যাচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

শুক্রবার স্পেন ও পর্তুগালে তাপমাত্রা রেকর্ড উচ্চতার কাছাকাছি ছিল। এই দুটি দেশে তাপমাত্রা অন্তত রোববার পর্যন্ত ৪০ ডিগ্রি সেলিসিয়াসের ওপরেই থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।