২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক-উ. আফ্রিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, স্পেনে কমছে হোটেল ভাড়া

টানা পাঁচ বছর রেকর্ড সংখ্যক পর্যটক উপস্থিতি দেখার পরও তুরস্ক ও উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার জেরে ভাড়া কমাতে বাধ্য হচ্ছে স্পেনের হোটেলগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 02:54 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

সন্ত্রাসী হামলার ঝুঁকি কমে আসায় তুরস্ক, তিউনিসিয়া ও মিশরে ইউরোপীয় পর্যটকদের ভিড় বাড়ছে। হোটেল ভাড়াসহ ট্যুর প্যাকেজের খরচ তুলনামূলক কম হওয়ায় দেশগুলো অসংখ্য ভ্রমণপিপাসুর গন্তব্যে পরিণত হচ্ছে বলেও জানিয়েছে রয়টার্স।

হোটেল ভাড়া কমিয়েই তাই পর্যটকদের ধরে রাখতে চাইছে গত বছর আট কোটিরও বেশি বিদেশি পর্যটক সামলানো স্পেনের হোটেলগুলো।

ফ্রান্সের পর গতবছর সবচেয়ে বেশি পর্যটক স্পেন ভ্রমণ করেছিল বলে খবর আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলোর।

২০১৩-১৭ পর্যন্ত পর্যটকদের বাড়বাড়ন্তে হোটেলের ভাড়াও গড়ে প্রায় ২১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল বলে স্পেনিশ সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে।

এ সময়ের মধ্যে দেশটির অর্থনৈতিক আয়ের ১১ শতাংশও এসেছে পর্যটন খাত থেকে।

চলতি বছর তুরস্ক, তিউনিসিয়া ও মিশরে পর্যটকদের পুনরুত্থানে স্পেনের এ রমরমা অবস্থায় ভাটা পড়েছে। জার্মান ও ব্রিটিশ পর্যটক টানতে উত্তর আফ্রিকার দেশগুলোর পাশাপাশি তুরস্কের কোম্পানিগুলোও অত্যন্ত কম খরচে হোটেলসহ ট্যুর প্যাকেজ সাজাচ্ছে বলে জানিয়েছেন স্পেনিশ ব্যবসায়ীরা।

“মূলত তুরস্ক, মিশর ও তিউনিসিয়ার মতো প্রতিদ্বন্দ্বিরা বাজারে ফিরে আসায় আমরা চলতি গ্রীষ্মে কম চাহিদা দেখতে পাচ্ছি, তাদের প্যাকেজগুলো বালিয়ারিক দ্বীপের চেয়েও তুলনামূলক সস্তা,” বলেন হোটেলগ্রুপ বারসেলোর মুখপাত্র আলভারো পাচেকো।

ভূমধ্যসাগরের অবকাশযাপন দ্বীপের মাঝারি মানের হোটেলগুলোই পর্যটক সংকটে তুলনামূলক দামি হোটেলের চেয়ে বেশি ধুঁকছে।

বাধ্য হয়েই বারসেলো হোটেল কর্তৃপক্ষ প্রায় ১৫ শতাংশের মতো ভাড়া কমিয়েছে বলেও মন্তব্য করেছেন পাচেকো।