চীনা পণ্যে ২৫% শুল্কারোপের পরিকল্পনা ট্রাম্পের
বাণিজ্য নিয়ে দুই দেশের টানাপোড়েনের মধ্যে ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি এর আগে ১০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন।
ট্রাম্প প্রশাসন গত ১০ জুলাই আমদানি করা হাজারো চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করে| ওই তালিকায় খাদ্য পণ্য, রাসায়নিক, ইস্পাত, অ্যালুমিনিয়ামের পাশাপাশি কুকুরের খাবার, আসবাবপত্র, কার্পেট থেকে শুরু করে গাড়ির টায়ার, বাইসাইকেল, বেসবল গ্লোভস এবং প্রসাধানী সামগ্রীও ছিল।
শুল্ক কার্যকরের আগে এ বিষয়ে জনমত জানতে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। তার মধ্যেই আরোপ করা শুল্কের পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করার কথা ভাবা হচ্ছে। বুধবারই এ পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। তবে বাড়তি এ শুল্কের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন কর্মকর্তারা।
বাড়তি শুল্কারোপ হলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাতের মাত্রা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।
২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি নিয়ে তাৎক্ষণিকভাবে চীন সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জুলাইয়ে ১০ শতাংশ শুল্ক আরোপের আলোচনার মধ্যে বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘মাস্তানির’ অভিযোগ করেছিল। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টায় চীনও পাল্টা ব্যবস্থা নেবে, হুঁশিয়ারি দিয়েছিল তারা।
বিনিয়োগকারীরা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য যুদ্ধে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে বলে তাদের আশঙ্কার কথাও বারবারই বলে আসছেন; খ্যাতনামা মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানও ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির বিরোধিতা করছে।
বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাত যুক্তরাষ্ট্র ও চীন আলোচনা করতে আগ্রহী, মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের সূচকেও উর্ধ্বগতি দেখা গেছে।
আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন ও চীনের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা লিউ হে’র মধ্যে কথা হয়েছে।
শুল্কের হার বাড়ানোর প্রস্তাব বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ের মুখপাত্র। প্রস্তাব বদলে গেলে শুল্ক কার্যকরের আগে জনসাধারণের মতামত পেতে যে সময়সীমা ঠিক করা হয়েছিল, তার কোনো পরিবর্তন হবে কিনা সে সম্বন্ধেও কিছু বলেননি তিনি।
জুলাইয়ের শুরুতে প্রাথমিকভাবে ৩ হাজার ৪শ’ কোটি ডলারের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল মার্কিন সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমপরিমাণ অর্থের পণ্যেও একই মাত্রার শুল্ক দিয়েছিল বেইজিং।
ওয়াশিংটন আসছে সপ্তাহগুলোতে চীন থেকে আমদানি করা আরও ১ হাজার ৬শ’ কোটি ডলারের পণ্যে শুল্ক বসানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে রয়টার্স। এসবের বাইরে আরও ৩০ হাজার কোটি ডলার চীনা আমদানি পণ্যেও শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সব পদক্ষেপ কার্যকর হলে চীনের ৫০ হাজার কোটি ডলারেরও বেশি পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত শুল্ক দিতে হবে। ২০১৭ সালে চীন থেকে যুক্তরাষ্ট্র এ পরিমাণ অর্থের পণ্যই আমদানি করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যেই শুল্ক আরোপিত হবে বলে ধারণা বিশ্লেষকদের। এমন হলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে, যা দুই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েই বাণিজ্য যুদ্ধের মাত্রা বাড়াবে।
