জিম্বাবুয়ে নির্বাচন: জয়ে আশাবাদী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই
ঐতিহাসিক ভোটের পর ফলের অপেক্ষায় আছে জিম্বাবুয়ে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া বলেন, তিনি ফলের যে পূর্বাভাস পেয়েছেন তা ‘অত্যন্ত ইতিবাচক’।
অন্যদিকে, প্রধান বিরোধী নেতা নেলসন চামিসা বলেন, তার দলের জয় ‘আগে থেকেই নিশ্চিত হয়ে আছে’।
প্রায় চার দশক ক্ষমতার কেন্দ্রে থাকা রবার্ট মুগাবেকে উৎখাতের পর প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে জিম্বাবুয়ে। নতুন প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় কাউন্সিলর নির্বাচন করার জন্য সোমবার তারা ভোট দেয়।
এদিন জনগণ বিপুল উৎসাহে ভোট দিয়েছেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম, মোট ৭৫ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন।
তরুণ ভোটাররাই নতুন নেতা নির্বাচনে মুখ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির নিবন্ধিত ৫৬ লাখ ভোটারের মধ্যে অর্ধেকের বেশির বয়স ৩৫ বছরের কম।নির্বাচনের পরিবেশ অবাধ ও স্বাধীন কিনা তা পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল জিম্বাবুয়ে গেছে।
গত ১৬ বছরের মধ্যে এই প্রথম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল জিম্বাবুয়ে প্রবেশের অনুমতি পেল।
ভোটকেন্দ্রগুলোতে কোনো জালিয়াতি হয়নি জানিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশেটির ইলেকশন কমিশনের প্রধান প্রিসিলা চিগুম্বা।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করব না।”
অতীতে দেশটির নির্বাচনগুলোতে বড়ধরনের কারচুপি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ছিল।
