টরেন্টোয় গুলির দায় স্বীকার করল আইএস
কানাডার টরন্টো শহরের গ্রিকটাউন এলাকার রাস্তায় বেপরোয়া গুলিবর্ষণে দুই জন নিহত ও ১৩ জন আহতের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
দলটির বার্তা সংস্থা এএমএকিউ বুধবার একথা জানিয়েছে।
গত রোববার ড্যানফোর্থ ও লেগান অ্যাভিনিউতে গোলাগুলির ওই ঘটনায় ১০ বছর বয়সী এক শিশু ও ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর বন্দুকধারী ফয়সাল হুসেইনের মৃতদেহও পাওয়া যায়।
২৯ বছর বয়সী ফয়সাল টরন্টোর বাসিন্দা বলে কানাডার স্বতন্ত্র বিশেষ তদন্ত সংস্থা এসআইইউ-র বরাত দিয়ে জানায় রয়টার্স।
আইএস এক বিবৃতিতে বলেছে, হামলাকারী ইসলামিক স্টেটের এক সৈনিক ছিল। জিহাদের ডাকে উদ্বুদ্ধ হয়ে সে এ হামলা চালিয়েছে।
তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি আইএস। তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণও তারা দেয়নি।
