বিবাহবার্ষিকী পালন করতে গিয়ে লাশ হলেন মার্কিন নারী
প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে স্বামীর সঙ্গে মেক্সিকো সিটি বেড়াতে গিয়ে যুক্তরাষ্ট্রের এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে মেক্সিকো সিটি উপকণ্ঠে স্বামী ও বন্ধুদের সঙ্গে খাবার শেষ করে একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাতিয়ানা মিরুতেঙ্ক (২৭) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
মটরসাইকেলে করে আসা দুই যুবকের একজন গুলি ছুড়েছিল। ওই রেস্তোরাঁর এক নিরাপত্তাকর্মী (বাউন্সার) তাদের হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে মেক্সিকো পুলিশ।
তাতিয়ানা ও তার স্বামী জেমস হোভার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বাস করতেন।
শোকাহত তাতিয়ানার বাবা এবিসি’ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এক বছর আগে এ সময়ে আমরা তার বিয়ের জন্য ফুল বাছাই করেছি। আর আজ আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ফুল খুঁজছি।”
নিজের জীবনের বিনিময়ে হলেও মেয়ের জীবন ফিরিয়ে আনতে চান তার মা নাতালি মিরুতেঙ্ক।
তিনি বলেন, “যদি সে শুধু ফিরে আসে, আমি আমার জীবন দিতেও রাজি।”
অপরাধের কারণে বিশৃঙ্খলা বাড়ছে বলে গত মার্চে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের মেক্সিকো ভ্রমণে সতর্কতা জারি করেছিল।
