২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মুক্তি, চীন ছাড়ছেন নোবেলজয়ী লিউ জিয়াওবোর স্ত্রী

অবশেষে মুক্তি পেলেন চীনের নোবেল শান্তি পুরস্কার জয়ী লিউ জিয়াওবোর স্ত্রী লিউ জিয়া। তাকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 06:41 PM

Updated : 08 Apr 2022, 06:40 PM

মঙ্গলবার সকাল ১১ টায় জার্মানির উদ্দেশে দেশ ছেড়ে গেছেন লিউ জিয়া। চীন সরকার একথা নিশ্চিত করে জানিয়েছে।

২০১০ সালে স্বামী লিউ জিয়াওবো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকেই লিউ জিয়াকে গৃহবন্দি করে রেখেছিল চীন সরকার।

কিন্তু কয়েকমাস ধরে মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে জিয়া মুক্তি পেলেন।

জিয়ার স্বামী লিউ জিয়াওবো ছিলেন চীনে গণতান্ত্রিক আন্দোলন কর্মী এবং মানবাধিকারের অন্যতম পথিকৃৎ ও প্রবক্তা। সরকারের সমালোচনা করার অভিযোগে তার কারাদণ্ডও হয়েছিল। তার অবিরাম অহিংস আন্দোলন আর মানবাধিকারে অবদানের স্বীকৃতি হিসাবেই তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। গতবছর ক্যান্সারে ভুগে তিনি মারা যান।

কবি হিসাবে পরিচিত লিউ জিয়ার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ না থাকার পরও কেবলমাত্র স্বামীর ভূমিকার কারণেই জিয়াকে আটকে রেখেছিল চীন।

বন্দি থাকার সময় কিছুদিন আগে জিয়া বলেছিলেন, এভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই তার কাছে শ্রেয়।

গত বছর স্বামীর মৃত্যুর পর থেকে লিউ জিয়াও অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে চিকিৎসার জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, লিউ জিয়া তার নিজের ইচ্ছাতেই চিকিৎসার জন্য জার্মানি যাচ্ছেন।