যুক্তরাজ্যে বিষাক্ত নার্ভ এজেন্টে সংজ্ঞাহীন থাকা নারীর মৃত্যু
পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার নিয়ে মস্কো ও পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক সম্পর্কে বিরোধ তৈরি হয়েছিল, সেই একই নার্ভ এজেন্ট নোভিচকের বিষক্রিয়ায় আক্রান্ত এক ব্রিটিশ নারী মারা গেছেন।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের শহর এইমসবুরির একটি বাড়ি থেকে গত ৩০ জুন সংজ্ঞাহীন অবস্থায় ৪৪ বছর বয়সী ডন স্টারজেসকে উদ্ধার করা হয়েছিল; রোববার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
চার মাস আগে মার্চে সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালকে সলসবুরির যে পার্ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে এইমসবুরির বাডিটির দূরত্ব কয়েক মাইল বলে জানিয়েছে রয়টার্স।
স্টারগেসের সঙ্গে এইমসবুরির একই ভবন থেকে আরও এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যম ওই ব্যক্তিকে চার্লি রৌলি হিসেবে চিহ্নিত করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা এখনও ‘গুরুতর’ বলে জানিয়েছে রয়টার্স।
উদ্ধার দুইজনই স্ক্রিপালদের ওপর হামলায় ব্যবহৃত নোভিচকের অবশিষ্টাংশ দ্বারা সংক্রমিত হয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ। রৌলি ও স্টারজেস কীভাবে স্নায়ুযুদ্ধের সময়কার সোভিয়েত সামরিক বাহিনীর উদ্ভাবিত এই রাসায়নিকের সংস্পর্শে এসেছিলেন তার অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে তারা।
রোববার স্টারজেসের মৃত্যুর পর দেওয়া প্রতিক্রিয়ায় ‘হতভম্ব ও বিস্মিত’ হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, “ভয়াবহ দুঃখজনক এ খবর, সত্যিকার অর্থে কী ঘটেছে তা খুঁজে বের করার জন্য আমাদের স্থির সংকল্পকে আরও দৃঢ় করবে।”
তিন সন্তানের জননী স্টারজেসের মৃত্যুকে ‘বিদ্বেষপূর্ণ, বেপরোয়া ও বর্বর আক্রমণের ফল’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশিং নেটওয়ার্কের প্রধান নেইল বসু।
এ নেটওয়ার্কই রাসায়নিক হামলার ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। উইল্টশায়ারের পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রায় ১০০ গোয়েন্দা এ নিয়ে দিনরাত কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ।
পরে উইল্টশায়রের পোর্টন ডাউন প্রতিরক্ষা গবেষণায় পরীক্ষা নিরীক্ষা শেষে সলসবুরি থেকে ১১ মাইল দূরের এইমসবুরিতে নোভিচক সংক্রমণের তথ্য উন্মোচিত হয়।
পুলিশ বলছে, বিষাক্ত কোনো বস্তু হাত দিয়ে স্পর্শ করার পরই দুজন নার্ভ এজেন্টটি দ্বারা সংক্রমিত হয়েছিলেন বলে পরীক্ষা-নিরীক্ষা থেকে জানা গেছে।
এইমসবুরির এই সংক্রমণের ঘটনা রাসায়নিক অস্ত্রনিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওপিসিডব্লিউকেও জানিয়েছে যুক্তরাজ্য।
সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালকে যেখানে চিকিৎসা দেওয়া হয়েছিল, সলসবুরির সেই ডিস্ট্রিক্ট হাসপাতালেই রোববার মারা যান স্টারজেস।
হাসপাতালটির চিকিৎসা বিষয়ক পরিচালক ক্রিস্টিন ব্ল্যানশার্ড বলেছেন, স্টারজেসকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন হাসপাতালের কর্মীরা।
লিডস বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল টক্সিকোলজির অধ্যাপক অ্যালেস্টেয়ার হে বলেছেন, নোভিচকের চিকিৎসায় এ মুহুর্তে বিশ্বের মধ্যে সলসবুরির হাসপাতালটিই সবচেয়ে অভিজ্ঞ হলেও বিষাক্ত এ নার্ভ এজেন্ট বিস্তৃত ক্ষেত্রে শরীরের স্নায়ু ও পেশির কার্যক্রমকে নিঃশেষ করে দেওয়ায় অনেকসময়ই চিকিৎসকরা বেশি কিছু করতে পারেন না।
মার্চে সলসবুরির পার্কে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ইউলিয়া স্ক্রিপালও ২০ দিন কোমায় ছিলেন। পাঁচ সপ্তাহ চিকিৎসার পর বিষক্রিয়া থেকে মুক্ত হন তিনি। এরপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া। ১৮ মে হাসপাতাল ছাড়েন ইউলিয়ার বাবা পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল।
