বিশ্বকাপ: ইকোনমি ক্লাসে চেপে রাশিয়ায় ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলায় জাতীয় দলকে উৎসাহ দিতে উড়োজাহাজের ইকোনমি ক্লাসে চেপে রাশিয়ায় গিয়েছেন ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, যাত্রীবাহী উড়োজাহাজের নিয়মিত ফ্লাইটে অন্য সাধারণ যাত্রীদের সঙ্গে গত ১ জুলাই রাশিয়া পৌঁছান ক্রোয়েশিয়ার রাষ্ট্রপ্রধান ।
ইকোনমি ক্লাসে সাধারণ যাত্রীদের সঙ্গে ভ্রমণের ছবি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে শেয়ারও করেছেন প্রেসিডেন্ট কোলিন্দা।
ডেনামার্কের সঙ্গে ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দলের দ্বিতীয় রাউন্ডের খেলার ঠিক আগ মুহুর্তে নিজনি নভগরোদের স্টেডিয়ামে পৌঁছান খেলাপাগল এ ক্রোয়াট প্রেসিডেন্ট; অবশ্য এর আগেই স্টেডিয়ামে বসে খেলা দেখতে তার জন্য নির্ধারিত ফ্যান আইডি পৌঁছে গিয়েছিল। তবে কোলিন্দা নিজ দেশের জয় দেখেছেন সাধারণ গ্যালারিতে, সাধারণ দর্শকদের সঙ্গে বসেই।
“অন্যদের মতো আমিও যে ফুটবলের একজন ভক্ত তা দেখাতে চেয়েছিলাম; গ্যালারির স্ট্যান্ডে বসেই অন্য ভক্তদের মতো দলকে উৎসাহ যোগাতে চেয়েছিলাম, পরতে চেয়েছিলাম জাতীয় প্রতীক সম্বলিত শার্ট। ভিআইপি জোনে বসতে হলে লম্বা গাউন পরতে হত, এ ধরনের পোশাক পরতে অনুমতি দিত না,” গ্যালারিতে বসে খেলা দেখার অনুভূতির কথা জানাতে গিয়ে কোলিন্দা এমনটাই বলেছেন বলে জানিয়েছে রাশিয়ান ওয়েবসাইট স্পোর্টবক্স।
টাইব্রেকারে ডেনমার্ককে হারানোর পর ক্রোয়েশিয়ার জন্য নির্ধারিত চেঞ্জিং রুমে গিয়ে জাতীয় দলের সদস্যদের জড়িয়েও ধরেন উৎফুল্ল এ প্রেসিডেন্ট। অসাধারণ জয়ের কারণে খেলোয়াড় ও প্রধান কোচকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
একই দিন দ্বিতীয় রাউন্ডের অন্য খেলায় স্পেনকে হারানো রুশ খেলোয়াড়দেরও ভূয়সী প্রশংসা করেন কোলিন্দা।
শনিবার রাতে ওই খেলা চলাকালে তাকে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ও ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা দেখতে দেখা গেছে।
তবে নিজনি নভগরোদে সাধারণ গ্যালারিতে থাকলেও সোচিতে রাশিয়ার সঙ্গে অনুষ্ঠিত খেলাটি ভিআইপি স্যুটে বসেই দেখেছেন কোলিন্দা।
ফলের অবশ্য হেরফের হয়নি। স্বাগতিক রাশিয়াকে টাইব্রেকারে হারিয়ে তার দেশ নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকেট।
১২ জুলাই মস্কোর লুজনিস্কি স্টেডিয়ামেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় কোলিন্দা গ্যালারিতে উপস্থিত থাকবেন কি না, তা জানা যায়নি।
