২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের গুহায় আটকা পড়াদের উদ্ধারে অভিযান শুরু

দুই সপ্তাহ ধরে একটি গুহায় আটকা পড়া থাইল্যান্ডের ১২ কিশোর ও তাদের ফুটবল কোচকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 02:10 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

রোববার স্থানীয় সময় সকাল ১০টায় উদ্ধারকারী টিমটি গুহায় প্রবেশ করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অভিযান প্রধান নারংসাক ওজতনাকন, খবর বিবিসির।

গুহার প্রবেশ মুখ থেকে আবশ্যক নন এমন সব কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু ডুবুরিদের টিম, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীগুলো সেখানে অবস্থান করছে। 

১১ থেকে ১৬ বছর বয়সী বালকেরা ও তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচ গত ২৩ জুন ওই গুহায় প্রবেশ করেছিল। গুহায় প্রবেশ করার পর প্রবল বৃষ্টিপাতে গুহার মধ্যে পানি জমে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তারপর থেকে তারা গুহাটিতেই আটকা পড়ে আছে।

উদ্ধারকারী দলে ১৩ জন বিদেশি ও থাইল্যান্ড নৌবাহিনীর পাঁচ জন ডুবুরি আছেন।

স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে প্রথম বালককে বের করে নিয়ে আসা সম্ভব হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। পুরো অভিযানটি শেষ করতে কয়েকদিন লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারের এই পরিকল্পনা সম্পর্কে আটকা পড়া বালকের দলটির পাশাপাশি তাদের পরিবারগুলোকেও জানানো হয়েছে।

ওই বালকরা ও তাদের কোচ ‘শারীরিকভাবে ও মানসিকভাবে খুব শক্ত আছে’ বলে জানিয়েছেন নারংসাক। তারা ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ও ‘উজ্জীবিত’ অবস্থায় আছে বলেও জানিয়েছেন তিনি।

বিশেষ এই দিনটিকে ‘ডি-ডে’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

ঠিক কীভাবে বালকদের উদ্ধার করে নিয়ে আসা হবে সেই পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, বের হওয়ার পথের কিছু জায়গায় ডুব দিয়ে ও যেখানে যেখানে পানির উচ্চতা অনুমোদন করবে সেখান দিয়ে তাদের হাঁটিয়ে নিয়ে আসার চেষ্টা করা হবে।

এর আগে কখনো ডুবুরির সরঞ্জাম ব্যবহার করেনি এমন শিশুদের দীর্ঘ সময় পানির নিচে ডুব দিয়ে বের হয়ে আসার চেষ্টা করতে হতে পারে। এ যাত্রা কতোটা বিপজ্জনক হতে পারে তার একটি ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। গত সপ্তাহে ওই বালকদের বাতাস ভর্তি ট্যাংক সরবরাহ করে ফেরার সময় গুহার মধ্যে থাই নৌবাহিনীর এক ডুবুরি মারা গেছেন। 

ফিরিয়ে আনার সময় গুহার একটি জায়গায় বালকদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছেন উদ্ধারকারীরা, ওই জায়গাটি এ কয়দিন ডুবুরিদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই ঘাঁটি পর্যন্ত আনা গেলে কাজ অনেক সহজ হয়ে যাবে এমন ধারণা পাওয়া গেছে।

বিশ্রাম শেষে তাদের হাঁটিয়ে প্রবেশ পথে এনে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।