ছবি তুলতে গিয়ে পড়ে চীনা ধনকুবেরের মৃত্যু
ফ্রান্স সফরে গিয়ে দেয়ালের উপরে উঠে ছবি তোলার সময় দুর্ঘটনাবশত সেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে চীনের বিত্তশালী ব্যবসায়ী ওয়াং জিয়ানের। তার কোম্পানি একথা জানিয়েছে।
৫৭ বছরের ওয়াং জিয়ান চীনের বৃহৎ কর্পোরেশন ‘এইচএনএ গ্রুপের’ সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
বিমানপরিবহন, পর্যটন ও অর্থিকখাতে এইচএনএ গ্রুপের বিনিয়োগ আছে। ডয়চে ব্যাংক, হোটেল চেইন হিলটন এবং লন্ডনের স্কাইস্ক্রাপার্সে গ্রুপটির বড় ধরনের বিনিয়োগ আছে। বিশ্বজুড়ে তাদের কর্মী সংখ্যা চার লাখের বেশি।
ওয়াং জিয়ান ব্যবসার কাজে ফ্রান্সে গিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এইচএনএ গ্রুপ।
মঙ্গলবার তিনি দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভূমধ্যসাগর উপকূলবর্তী ঐতিহাসিক গ্রাম বুনিয়্যুতে ঘুরতে গিয়েছিলেন।
সেখানে একটি উঁচু দেয়ালের উপর দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেওয়ার সময় তিনি ‘দুর্ঘটনাবশত পড়ে যান’ বলে জানায় পুলিশ। একদল পর্যটকের সঙ্গে তিনি বুনিয়্যু ঘুরতে গিয়েছিলেন।
স্থানীয় পুলিশ প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ছবি তুলতে ওয়াং প্রায় ৫০ ফুট উঁচু দেওয়ালের খাড়া প্রান্তে চলে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান।”
প্রত্যক্ষদর্শীরাও একে দুর্ঘটনা বলেই মত দিয়েছে বলেও জানান তিনি। ওয়াংয়ের মৃতদেহের ময়নাতদন্ত হবে।
তার মৃত্যুতে এইচএনএ গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
