গোপনে পরমাণু কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া?
সাম্প্রতিক কয়েকটি খবরে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বজায় রাখার আভাস পাওয়া গেছে।
নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেওয়ার পরও উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার খবরে শান্তি আলোচনায় তাদের আন্তরিকতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক খবরগুলো এসেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি এখনো তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রজুড়ে গণমাধ্যমগুলোতে আসা কিছু খবর হচ্ছে:
>> উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ইয়ংবেয়ন পরমাণু স্থাপনাই কেবল উন্নয়ন করা হচ্ছে।
>> দেশটি ইয়ংবেয়ন ছাড়াও আরো দুটি গোপন স্থাপনায় পরমাণু সমৃদ্ধকরণ বাড়াচ্ছে।
>> ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য দেশটি আরো মোবাইল লঞ্চার ভেহিক্যাল তৈরি করছে।
>> আরো সহজে ক্ষেপণস্ত্র ছোড়ার জন্য উপযোগী ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি বাড়িয়েছে দেশটি।
বিবিসি জানায়, এ খবরগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞরা এগুলো সঠিক বলেই মানছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এবং ওয়াশিংটনভিত্তিক উত্তর কোরিয়া পর্যবেক্ষণ সাইট ৩৮ নর্থের ইয়ংবেয়ন পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি বিশ্লেষণের ভিত্তিতে ওইসব তথ্য পাওয়া গেছে।
১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে কোনো সময়সীমা দেননি তিনি।
