২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ১১ মৃতদেহ: ময়নাতদন্তে ‘ধস্তাধস্তির প্রমাণ নেই’

ভারতের দিল্লির বুরারিতে একটি বাড়ি থেকে উদ্ধার ১১টি মৃতদেহের মধ্যে ৮টির ময়নাতদন্তে ধস্তাধস্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 10:45 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

বরং ফাঁসিতে ঝুলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

রোববার বুরারির ওই বাড়ি থেকে দুইজন পুরুষ, ছয়জন নারী, একজন বৃদ্ধা ও দুইজন কিশোর বয়সীর ‍মৃতদেহ উদ্ধার করা হয়।

তাদের মধ্যে ১০ জনকে বাড়ির আঙিনায় লোহার গ্রিলের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহগুলোর মুখমণ্ডল চোখ ও মুখ চারদিক থেকে পেঁচিয়ে ব্যান্ডেজের মত মোড়ানো ছিল। কয়েকটি মৃতদেহের হাত-পাও বাঁধা ছিল।

আর  ৭৭ বছর বয়সী নারায়ণ দেবীকে অন্য একটি ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছিল।

মারা যাওয়া অন্যরা হলেন, নারায়ণ দেবীর মেয়ে প্রতিভা (৫৭), তার মেয়ে প্রিয়াঙ্কা (৩৩), নারায়ণ দেবীর দুই ছেলে ভবনেশ ভাটিয়া (৫০) ও ললিত ভাটিয়া (৪৫), ভবনেশের স্ত্রী সবিতা (৪৮) এবং তাদের তিন সন্তান মিনু (২৩), নিধি (২৫) এবং ধ্রুব (১৫), ললিতের স্ত্রী টিনা (৪২) এবং তাদের ১৫ বছর বয়সী সন্তান শিভাম।

পুলিশের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নারায়ণ দেবী ও দুই শিশুসহ আটটি মৃতদেহের ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে।

“সেখানে ধস্তাধস্তি বা শ্বাসরোধের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।”

নারায়ণ দেবীর মৃত্যু সম্পর্কে চিকিৎসকরা বলেছেন, ‘কিছু সময় ফাঁসিতে ঝুলে থাকার কারণে’ তার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার মৃতদেহের পাশে একটি দড়ি ঝুলছিল বলে জানায় পুলিশ।

কেউ তার গলার দড়ি খুলে দিয়েছে কিনা এখন পুলিশকে তা তদন্ত করে দেখতে হবে, বলেন ওই কর্মকর্তা।

“প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ফাঁসিতে ঝুলেই সকলের মৃত্যু হয়েছে। আমরা চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।”

রহস্যজনক এ মৃত্যুর ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছে। ওই বাড়ি থেকে পুলিশ দুটি খাতা উদ্ধার করেছে। খাতাগুলোয় হাতে লেখা একগুচ্ছ নোট পাওয়া গেছে।

ওই নোটগুলোতে এমন কিছু ‘অতীন্দ্রিয়’ বিশ্বাসের কথা বলা আছে, যা থেকে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে একটি আভাস জোরালো হচ্ছে বলে মনে করছে পুলিশ।

একটি নোটে লেখা ছিল, ‘মানবদেহ অস্থায়ী। চোখ ও মুখ ঢেকে রাখার মাধ্যমে একজন তার ভয়কে জয় করতে পারে’।

এক পুলিশ কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি কীভাবে ‘পরিত্রাণ লাভ’ করতে পারেন এবং ‘মানবদেহ অস্থায়ী কিন্তু আত্মা সবসময় বেঁচে থাকবে’ এমন সব বিষয় লেখা রয়েছে নোটগুলোতে।

তদন্তকারী এক কর্মকর্তাকে উদ্ধৃত করে পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, “নোটগুলো বলছে, যদি ১১ জনের একটি দল ওই অনুশাসনগুলো অনুসরণ করে, তবে সব সমস্যা সহজ হয়ে যাবে এবং পরিত্রাণ লাভ হবে। কিছু নোট কবে লেখা হয়েছে তার তারিখও দেওয়া আছে।... সবগুলো নোটেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর মাধ্যমে শান্তি অর্জনের কথা বলা হয়েছে।”

ওই পরিবারটির সঙ্গে কোনো ধর্মগুরু বা গোপন ধর্মীয় সংগঠনের সম্পর্ক ছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) অলোক কুমার সাংবাদিকদের বলেন, হাত ও পা কীভাবে বাঁধতে হবে- তার বিস্তারিত লেখা ছিল ওই নোটে। আর ১০টি মৃতদেহ যে অবস্থায় পাওয়া গেছে তার সঙ্গে ওই নোটের বর্ণনা অনেকটাই মিলে যায়।

যদিও প্রতিবেশীরা বলেছেন, পরিবারটি ছিল ধর্মভীরু। প্রতিদিন বাড়ির বাইরের একটি বোর্ডে ধর্মীয় ‘শ্লোক’ লিখে রাখত তারা। তবে সন্দেহজনক কোনো ব্যক্তির আনাগোনা বা সন্দেহজনক কিছু কখনও তাদের চোখে পড়েনি।

এদিকে,  কেতন নাগপাল নামে এক ব্যক্তি যিনি নিজেকে নারায়ণ দেবীর নাতি বলে পরিচয় দিয়েছেন তার দাবি, নারায়ণ দেবীর পরিবারকে হত্যা করা হয়েছে।

মাত্র ১৫ দিন আগে নারায়ণ দেবীর মেয়ের ঘরের নাতনি প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠান হয়। সেখানে তার পরিবারের সদস্যদের নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়।

এত কম সময়ে ঠিক কি করণে পরিবারের সবার এই পরিণত হলো তা পুলিশি তদন্তে বেরি আসবে বলেই আশা করছে সবাই।

পুরনো খবর:

দিল্লিতে এক বাড়িতে এক পরিবারের ১১ জনের মৃতদেহ