যুক্তরাষ্ট্র ইরানিদের বিভক্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছে: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন,ইরানিদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা এবং তাদেরকে শাসনব্যবস্থার বিপক্ষে দাঁড় করাতে অর্থনৈতিক চাপ বাড়ানোর ‘বৃথা চেষ্টা’ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন,“যুক্তরাষ্ট্র ইরানের শাসকগোষ্ঠী এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির পরিকল্পনা করেছে।”
“এর মধ্য দিয়ে তাদের বোকামিই প্রকাশ পেয়েছে।কারণ,তারা জানে না যে ইসলামি প্রজাতন্ত্রই হচ্ছে ইরানি জাতি এবং এ দু’টিকে আলাদা করা কোনোভাবেই সম্ভব নয়।”
শনিবার তেহরানের ইমাম হুসেইন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খামেনি একথা বলেন।
যুক্তরাষ্ট্র ইরানে ‘ইতিহাসের সবচেয়ে কঠিন’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর খামেনি এ মন্তব্য করলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মে মাসে বলেছিলন, ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্খা পরিত্যাগ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং প্রভাব বিস্তারের চেষ্টা বন্ধ করাসহ যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে না নিলে এ যাবৎকালের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার কবলে পড়বে।
ইরানের সঙ্গে ছয়বিশ্বশক্তির পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর পম্পেও এ হুমকি দেন।
খামেনি বলেছেন,“ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ইরানি জনগণের মধ্যে চরম হতাশা সৃষ্টি করাই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্য।”
তবে যুক্তরাষ্ট্র একা ইরানের ওপর চাপ প্রয়োগ করতে পারঙ্গম না উল্লেখ করে তিনি বলেন, এজন্য তারা আঞ্চলিক অন্যান্য সমমনা দেশগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়েছে।
“কিন্তু আমরাও দিনদিন আমাদের জনগণের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করে তুলে নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য বজায় রাখব।”
যুক্তরাষ্ট্রের প্রতি ইরানি জাতির ঘৃণা দিন দিন বাড়ছে বলেও জানান খামেনি।
